প্রার্থীদের নির্বাচনী ব্যয় খতিয়ে দেখার সুপারিশ
সংসদ নির্বাচনে প্রার্থীরা কোথায়-কীভাবে অর্থ ব্যয় করছেন, তা খতিয়ে দেখার সুপারিশ এসেছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ আয়োজিত ওই অনুষ্ঠানে এই সুপারিশ করেন সাবেক মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক এম হাফিজউদ্দিন খান।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রার্থীদের নির্বাচনী ব্যয় নিরীক্ষা প্রয়োজন।”
নির্বাচনে প্রার্থীদের ব্যয়সীমা নির্ধারিত থাকলেও অনেকেই তা ছাড়িয়ে যান। ভোটের সময় টাকা ছড়ানোর পাশাপাশি কালো টাকা ব্যবহারের অভিযোগ বরাবরই ওঠে।
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে গড়ে প্রতিটি আসনে একজন প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকা নির্ধারিত রয়েছে।
বিধান অনুযায়ী প্রার্থীদের তাদের ব্যয়ের হিসাব রিটার্নিং কর্মকর্তার কাছে দিতে হলেও তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নজির নেই।
২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন বর্তমান নির্বাচন কমিশনকে সেই নজির সৃষ্টির আহ্বান জানান।
তিনি বলেন, “বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন কমিশন সেই এখতিয়ার রাখে। অতীতে কখনও স্ক্রুটিনি হয়নি। বর্তমান নির্বাচন কমিশনও সে পথেই হাঁটবে কি না, সেটাই প্রশ্ন।”
‘দি চ্যালেঞ্জেস অব ইলেক্টোরাল ইন্টিগ্রিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানটি হয় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে।
এতে হাফিজউদ্দিনসহ অধিকাংশ বক্তা ভোটে সব দলের সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশনকে আরও তৎপর ভূমিকা পালনের আহ্বান জানান।
বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন, “সবাই বলছে, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা। প্রধানমন্ত্রীসহ সরকারি দলের এমপিরা সরকারি টাকায় নির্বাচনী খরচ চালাচ্ছেন, সেখানে কীভাবে লেভেল প্লেইং ফিল্ড হয়?”
বিএনপির প্রার্থী-সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, “এ রকম পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্ক বোধ করছে। নারীর ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, কিন্তু এই পরিস্থিতি চলতে থাকলে নারী প্রার্থী ও ভোটাররা উৎসাহ হারিয়ে ফেলবেন।”
নির্বাচনে সহিংসতা বন্ধের উপর গুরুত্ব দেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির।
তিনি বলেন, “বাংলাদেশে বর্তমান ভোটার সংখ্যায় ১০ কোটিরও বেশি, যা ইউরোপের কয়েকটি দেশের মোট ভোটার সংখ্যার সমান। এখানে ভোটারদের ডেনসিটির বিষয়টি বিবেচনায় রেখে ইসিকে আরও তৎপর হতে হবে।
“বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হলেন, এটা খুবই আনফরচুনেট ঘটনা। আমরা প্রত্যাশা করব, এই ধরনের ঘটনা আর ঘটবে না।”
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির তৎপরতা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সালের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, “ছয় মাস আগেও দেশের মানুষদের মনে শঙ্কা ছিল নির্বাচন আদৌ হবে কি না। এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো ফান্ড আসছে না, রোহিঙ্গা সমস্যা তো রয়েছেই। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন করা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার।
“আমরা যেন সফলভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, সেজন্য ইসিকে আরও তৎপর হতে হবে। বিশেষ করে আইনের শাসন রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে।”
গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “এবারের নির্বাচনে সব দল অংশগ্রহণ করছে, এটা ভালো বিষয়। কিন্ত বাস্তবে দেখা যাচ্ছে, বড় দলের প্রার্থীরা যে সুবিধা পাচ্ছেন, ছোট দলের প্রার্থীরা সেই সুবিধা পাচ্ছেন না। এই সমস্যা সমাধানে নির্বাচনী আইন সংস্কার প্রয়োজন।”
সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন বলেন, “১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এই প্রথম নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রত্যাশা, ইসি এই বিষয়টি বিবেচনায় রেখে তার কর্মপরিকল্পনা সাজাবে।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খানও বক্তব্য রাখেন।
