মরে গেলেও ভোট বর্জন নয়: কামাল
দেশজুড়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের ওপর ‘হামলার’ ঘটনার তদন্ত করে দুই দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে এই দাবি জানিয়ে এসেছেন তিনি।
কামাল বলেন, যত ‘হামলা নির্যাতনই’ হোক, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন ঐক্যফ্রন্ট কোনোভাবেই বর্জন করবে না।
“মরে গেলেও আমরা ভোট বর্জন করব না। আমার লাশ নিয়ে ওরা (ঐক্যফ্রন্ট) নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রে নিয়ে যাবে। আমার আঙ্গুল তো থাকবে, এ আঙ্গুল দিয়ে টিপ দেবে। নির্বাচন হতে হবে। জঘন্য ধরনের আক্রমণ করা হচ্ছে, তবুও আমরা তা (বর্জন) করব না।
সোমবার সকালে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা হওয়ার পর দুপুরে জোটের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ভবনে আসেন কামাল। সিইসির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করে বেরিয়ে এসে নিজেদের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।
জোটের প্রার্থীদের ভোটের প্রচারে ‘বাধা দেওয়া হচ্ছে’, তাদের পোস্টার ‘ছিঁড়ে ফেলা হচ্ছে’ অভিযোগ করে কামাল হোসেন বলেন, “সবখানে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে... এসব করে সরকার যদি ভাবে ভোট বর্জন করা হবে, এ সুযোগ তারা পাবে না। আমরা কমিশনকে বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বা দু’দিনের মধ্যে প্রতিবেদন আনতে হবে। এরপরই ব্যবস্থা নিতে হবে।”
ভোটের ন্যূনতম পরিবেশটা যেন অন্তত তৈরি করা হয়, সেজন্য কমিশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে জানান ঐক্যফ্রন্টের নেতা।
তিনি বলেন, “সবখানে একটি দলের পোস্টার রয়েছে, অন্য কারও পোস্টার নেই। আমি বঙ্গবন্ধুর নির্বাচনী এজেন্ট ছিলাম, আমার দীর্ঘ জীবনে এমন পরিবেশ দেখিনি। কমিশনের ক্ষমতা রয়েছে সব হয়রানি বন্ধের। কমিশন যদি পরিবেশ নিশ্চিত না করে, আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে দুয়েকদিনের মধ্যে।”
কমিশন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জানিয়ে কামাল বলেন, “নির্বাচন কমিশন বিব্রত বোধ করলে হবে না; কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করে পুরো চিত্র বলেছি। আলোচনার শেষ দিকে তারাও বিষয়টি দেখবে বলে জানিয়েছে।”
সিইসি কে এম নূরুল হুদার পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ বৈঠকে উপস্থিত ছিলেন।
ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে কামাল ছাড়াও বিএনপি মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, জেএসডির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আবদুল মইন খান, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, জগলুল হায়দার আফ্রিক ছিলেন।
