প্রচারে হামলার অভিযোগ জানিয়ে ইসিতে বামজোটের চিঠি
ভোটের প্রচারে প্রার্থীদের বাধা দেওয়া ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ।
তিনি বলেন, নির্বাচনী মাঠে প্রার্থীরা হামলার শিকার হচ্ছে। চলমান পরিস্থিতিতে নির্বাচনের মাঠে টিকে থাকার জন্য যে ধরনের সমতল অবস্থা প্রয়োজন তা এখনও তৈরি হয়নি।
আটটি সমমনা বাম দলের এই জোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ১৩১টি আসনে ১৪৭ জন প্রার্থী দিয়েছে। এর মধ্যে ১১টি আসনে জোট প্রার্থীদের প্রচারে বাধা ও মারধরের অভিযোগ ইসিকে জানানো হয়েছে বলে উল্লেখ রুহিন হোসেন।
তিনি বলেন, “দেশের বিভিন্ন এলাকায় বাম জোটের প্রার্থীদের উপর হামলা করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রার্থীরা পোস্টার লাগাতে বা নির্বাচনী প্রচারণায় গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীরও। এই পরিস্থিতিতে নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা প্রয়োজন।”
বরাবর ‘প্রভাবহীন নির্বাচনের’ দাবি জানিয়ে আসছে বাম জোট। তবে একাদশ সংসদ নির্বাচনের সপ্তাহ দুয়েক বাকি থাকলেও ভোটের মাঠে নির্বাচন কমিশন সবার জন্যে সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি এমন অভিযোগ রয়েছে তাদের।
এ প্রসঙ্গে রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমরা এখনও কমিশনের উপর আস্থা রাখতে চাই। কিন্তু কমিশনের বডি ল্যাঙ্গুয়েজ শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য পর্যাপ্ত নয়।”
যে সব নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসারের ভূমিকা শক্তিশালী সেখানে অনিয়মের ঘটনা তুলনামূলক কম বলে মন্তব্য করেন রুহিন।
এ বক্তব্যের সঙ্গে নির্বাচন কমিশনও একমত বলে জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিত চিঠিতে ১১টি আসনে বাম জোটের প্রার্থীদের প্রচারে আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধা, নেতাকর্মীদের মারধর এবং পোস্টার-লিফলেট-ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
আসনগুলো হল- খুলনা-৩, নেত্রকোণা-৪, বরিশাল-৫, কুষ্টিয়া-৩, জামালপুর-২, দিনাজপুর-৪, ঢাকা-৬, ১২, ১৩, ১৪ ও ১৭।
