আপিলেও খুললো না রীতার ভোটের পথ
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রীতার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশে ‘নো অর্ডার’ দিয়েছে আপিল বিভাগ।
আপিল বিভাগের আদেশের ফলে হাই কোর্টের আদেশটি বহাল থাকায় রীতা আর নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আফরোজা খান রীতা
খেলাপি ঋণের কারণ দেখিয়ে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা রীতার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
এর বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর তা মঞ্জুর করে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে।
পরে ইসির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোনালী ব্যাংক রিট করে।
গত ১২ ডিসেম্বর রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ ইসির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে রীতার ভোটের পথ আটকে যায়।
হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধেই রীতা আপিল বিভাগে আবেদন করেছিলেন।
সোমবার আদালতে সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকতার হামিদ। রীতার পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু মারা যাওয়ায় তার মেয়ে আফরোজা খান রীতা এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
