২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে বিএনপির হাফিজ ও খোকনের নালিশ

ভোটের আগে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিএনপির দুই প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহমদ এবং নোয়াখালী-১ আসনের প্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার ঢাকায় নির্বাচন ভবনে গিয়ে লিখিত অভিযোগ দিয়ে আসেন।

হাফিজ উদ্দিন আহমদ পরে সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসীদের ভয়ে’ তিনি তার নির্বাচনী এলাকায় যেতে পারছেন না। তার ‘নিরীহ’ নেতাকর্মীদের পথে-ঘাটে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হচ্ছে।

“জাতীয় নির্বাচনের আগে সারা দেশে আইনশৃঙ্খলার ঘোরতর অবনতি হয়েছে । নির্বাচনের আগে, অবৈধ অস্ত্র জমা নেওয়া এবং এসবের বিরুদ্ধে অভিযান চালানোর কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ। তারা ইতোমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে। বিএনপি নেতাকর্মীদের ওপরে অত্যাচার নির্যাতন বেড়েই চলেছে।”

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “আমার নির্বাচনী এলাকায় জান-মালের কোনো নিরাপত্তা নেই। রাস্তাঘাটে অস্ত্রধারীরা টহল দিয়ে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখেও দেখছে না। ৩৫ জন যুবদল কর্মী আহত হওয়ার পর উল্টো এসব নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা করা হয়েছে।”

রাজধানী থেকে সন্ত্রাসীরা গিয়ে ভোলায় তার সংসদীয় আসনে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ উদ্দিন।

তিনি বলেন, “৩০ ডিসেম্বর সারা দেশে ভোটাররা যদি কেন্দ্রে যেতে না পারে, সেজন্য ক্ষমতাসীন সরকার দায়ী থাকবে”

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, নির্বাচনী প্রচারের প্রথম দিনই পুলিশ ‘আগ্রাসী’ হয়ে উঠেছে, দেশে ‘গণগ্রেপ্তার’ চলছে।

“পুলিশ, আওয়ামী লীগ ও সরকারি কর্মকর্তারা একাকার হয়ে গেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের হারানোর জন্য এবং আওয়ামী লীগকে জেতানোর জন্য।”

খোকন বলেন, “নির্বাচনী প্রচারের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, নির্বাচন কমিশন গণগ্রেপ্তার বন্ধ করতে বলেছে। কিন্তু পুলিশ নির্বাচন কমিশনের কোন বক্তব্য শুনছে না। আমার কাছে মনে হচ্ছে, পুলিশের ওপর নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নাই।”

রিটার্নিং কর্মকর্তাকে এসব বিষয়ে জানানো হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছেন না বলে দাবি করেন এই বিএনপি নেতা।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বর্থে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বদলি ও শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

এক প্রশ্নের জবাবে খোকন বলেন, কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন তাকে প্রতিশ্রুতি দিয়েছে।