বিএনপির দণ্ডিত দুই নেতার ভোটের পথ খুলল হাই কোর্টে
ফৌজদারি মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাই কোর্টে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।
এর বিরুদ্ধে টুকু ও বুলুর রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে।
দুই বিএনপি নেতার আইনজীবীরা জানিয়েছেন, ইসির সিদ্ধান্ত স্থগিত করার পাশাপাশি দুলু ও টুকুর মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেই সঙ্গে ওই দুই আসনে দলের কোনো বিকল্প প্রার্থী থাকলে এবং তারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সেই সুযোগও দিতে বলা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে টুকু সিরাজগঞ্জ-২ আসনে এবং দুলু নাটোর-২ আসনে দলের মনোনয়ন পেয়েছিলেন।
কিন্তু নির্বাচন কমিশনে আপিল খারিজ হয়ে যাওয়ার পর টুকুর আসনে তার স্ত্রী রুমানা মাহমুদ এবং দুলুর আসনে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনে তালিকা পাঠায় বিএনপি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন, সৈয়দ আল আশাফুর আলী রাজা। ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে শুননি করেন আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
আজমালুল হোসেন কিউসি পরে সাংবাদিকদের বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর দুর্নীতির মামলায় সাজা হয়েছিলো। হাই কোর্টে আপিল করে তিনি খালাস পান। পরে দুদক আপিল করলে আপিল বিভাগ পুনশুনানির জন্য মামলাটি হাই কোর্টে ফেরত পাঠায়।
“হাই কোর্টে ২০০৯ সালে যখন এসেছিলাম, তখন ফৌজদারি কার্যবিধির ৪২৬ ধারা অনুসারে কনভিকশন ও সেনটেন্স সাসপেন্ড করেছিলেন হাই কোর্ট। এ অর্ডারটা এখনো বহাল আছে। এর প্রেক্ষিতে আজকে জিতলাম।”
হাই কোর্ট টুকুর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেওয়ায় তার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বলে জানান এই আইনজীবী।
তিনি বলেন, “একেকটি আসনে রাজনৈতিকভাবে কয়েকজনকে প্রার্থী করা হয়েছে। এখন যদি কোনো প্রার্থী উনার আসনে প্রত্যাহার করতে চায় তাহলে সেটাও গ্রহণ করতে বলেছে হাই কোর্ট।”
আইনজীবী সৈয়দ আল আশাফুর আলী রাজা বলেন, “আজকের আদেশের ফলে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনে অংশ নিতে বাধা নেই। নিম্ন আদালতে উনার দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দণ্ড হয়েছিল। সেটা হাই কোর্টে সাসপেন্ড হয়ে আছে।”
