২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইনুর সম্পদ বেড়েছে ৮ গুণ, স্ত্রীর ৫ গুণ

জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে ৮ গুণ। একই সময়ে তার স্ত্রী আফরোজা হক রিনার সম্পদ বেড়েছে ৫ গুণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2018, 08:29 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রের সঙ্গে ইনুর দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আওয়ামী লীগের জোটে ভিড়ে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে টানা দুই বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবারও প্রার্থী হতে যাচ্ছেন ইনু।

২০১৪ সালে নির্বাচনের আগে পেশায় ‘রাজনৈতিক কর্মী ও প্রকৌশলী‘ ইনুর মোট সম্পদ ছিল ২৪ লাখ ২৭ হাজার ১৭৪ টাকার; যা পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৮৫ হাজার ৩৯৪ টাকার।

২০১৪ সালের আগে ইনুর বার্ষিক আয় ছিল ২৬ লাখ ৩৬ হাজার ৭৮২ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬১ হাজার ৬২৩ টাকা।

২০১৪ সালের নির্বাচনের আগে ইনুর স্ত্রী আফরোজা হকের সম্পদ ছিল ১৬ লাখ ২৮ হাজার ৭৪৮ টাকার। বর্তমানে যা ৮৫ লাখ ২৭ হাজার ৩৮০ টাকার।

ইনু তার আয়ের খাত দেখিয়েছেন ব্যবসা, বেতন-ভাতা, ব্যাংকের লভ্যাংশ ও টিভি টক শোর সম্মানী।

ইনুর ব্যবসা প্রতিষ্ঠান শম কম্পিউটার্স লিমিটেড থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ১২৯ টাকা। বেতন-ভাতা থেকে ইনুর আয় ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা। টিভি টক শো ও ব্যাংক সুদ থেকে পান ৩ লাখ ৮৯ হাজার ৯১৪ টাকা।

বর্তমানে ইনুর হাতে নগদ আছে ৫০ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকা এবং তার স্ত্রীর হাতে ৬০ লাখ ৩ হাজার ২৫৮ টাকা। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ইনুর কাছে নগদ ছিল ৬ লাখ ৮৫ হাজার টাকা আর স্ত্রীর নগদ অর্থ ছিল ৬ লাখ ৩৮ হাজার ৯০ টাকা।

বর্তমানে ইনুর ব্যাংকে জমা ৪৪ লাখ টাকা ৫১ হাজার ৪৮০ টাকা, আর স্ত্রীর ১৪ লাখ ২৮ হাজার ৬৭৭ টাকা। গতবার ব্যাংকে তার ছিল ৩৬ লাখ ৭০ হাজার ১৫৬ টাকা, স্ত্রীর ছিল ৮০ হাজার ৪৯৩ টাকা।

জাসদ সভাপতির সঞ্চয়পত্রসহ স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ৫ লাখ ৪০ হাজার টাকা, যা আগে ছিল ২ লাখ টাকা। তথ্যমন্ত্রীর স্ত্রীর বর্তমানে এ খাতে কোনো বিনিয়োগ নেই; আগে ছিল দেড় লাখ টাকা।

বন্ড, ঋণপত্র, বিভিন্ন কোম্পানির শেয়ার বাবদ ইনুর সম্পদ এক লাখ টাকার আর তার স্ত্রীর আড়াই লাখ টাকার। এই খাতে ২০১৪ সালের আগে ইনুর ছিল ২ লাখ টাকা, আর স্ত্রীর ছিল দেড় লাখ টাকা।

ইনুর বর্তমানে গাড়ি আছে তিনটি, যার মোট মূল্য এক কোটি ৮ লাখ ১২ হাজার ৩০৯ টাকা। আগে ছিল দুটি।

ইনুর পূর্বাচলে একটি প্লট, যৌথ মালিকানায় উত্তরাধিকার সূত্রে তিন বিঘা জমি এবং ৪ শতাংশ জমিতে একটি দোতলা দালান রয়েছে। তার স্ত্রীর রিনার আছে ৭ লাখ ৪৮ ১৪৫ টাকার একটি এপার্টমেন্ট।