২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দাবিতে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠি

সরকারি দলকে বিশেষ সুবিধা দিতে নির্বাচনী কর্মকর্তাদের তথ্য সংগ্রহ, সরকারি চিঠিপত্রে আওয়ামী লীগের দলীয় স্লোগান ব্যবহার এবং ব্যাংকের সিএসআর ফান্ডের টাকায় কেনা ত্রাণসামগ্রী সংসদ সদস্যদের দিয়ে বিতরণ বন্ধের দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ অভিযোগ দেয়।

বিজন কান্তি সাংবাদিকদের বলেন, “পুলিশ পোলিং পারসোনালদের বাড়িতে বাড়িতে গিয়ে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াত করে, তাদের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কি করে সেই খোঁজখবর নিচ্ছে। তাদের কাছ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে, তারা খুব বিব্রতবোধ করছ এবং নিরাপত্তার অভাববোধ করছে। নির্বাচনের আইন অনুযায়ী এই কাজটি এখনই করার কথা না।

“তারা খু্ব পক্ষপাতদুষ্ট কাজ করছে। তারা সরকারি দলকে সুবিধা দেওয়ার জন্য এ কাজগুলো করছে।”

সরকারের বিভিন্ন চিঠিপত্রে একটি স্লোগান রাখা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আগে যেমন পরিবার পরিল্পনার বিষয়ে একটি কমন স্লোগান থাকত যেমন- ‘ছেলে হোক, মেয়ে  হোক দুইটি সন্তানই যথেষ্ট’, বর্তমানে আওয়ামী লীগের প্যাডের ওপর এই স্লোগানগুলো আছে- ‘উন্নয়নের  গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’।

“সরকারি দপ্তর থেকে যে চিঠিগুলো দেওয়া হয়, সেই চিঠিগুলোতেও এই স্লোগান সম্বলিত সিল মারা হচ্ছে। আবার বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি প্যাডের ওপর এই স্লোগানটি টাইপ করা আছে। নির্বাচনের এই সময়ে আমরা এগুলোকে পরিহার করতে বলেছি।”

এছাড়াও ইভিএম একেবারে ব্যবহার না করার দাবি জানিয়ে বিজন কান্তি সরকার বলেন, “সবার অমতে এই নির্বাচনে ইভিএম ব্যবহারের কী দরকার? পরের নির্বাচন থেকে ব্যবহার করলেই তো হয়।”

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নামে কম্বলসহ ত্রাণসামগ্রী আওয়ামী লীগের প্রার্থী ও তাদের নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ব্যাংকের সিএসআর তহবিলের অর্থে কেনা ত্রাণসামগ্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা বিতরণ না করে ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে বিতরণের দাবি জানানো হয়।

বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ মেহেরুন্নেসার

পুলিশের বিরুদ্ধে বাসায় তল্লাশি ও হামলার অভিযোগ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বেগম মেহেরুন্নেসা হক।

দুপুরে নির্বাচন ভবনে তিনি এই অভিযোগ করেন।

তিনি জানান, গত ২৩ নভেম্বর তার বাসায় পুলিশ তল্লাশি চালায় এবং তাকে খুঁজতে থাকে এবং কিছু জিনিস ভাঙচুর করে।

মেহেরুন্নেসা বলেন, “আমি দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় কাউন্সিলর হিসেবে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করতে চাই।

“আমার বিরুদ্ধে কখন কোথায় কোন মামলা হয় আমি বুঝতে পারি না। গত ২৩ নভেম্বর আমার বাসায় পুলিশ তল্লাশি চালায় ও আমাকে খুঁজতে থাকে। আমি অনেক আতংকের মধ্যে আছি। পলাতক অবস্থায় আমি দিনযাপন করছি। আমি আমার বাসায় বা এলাকায় পর্যন্ত যেতে পারি না, তাহলে নির্বাচন করব কি করে?”

নির্বাচনকালীন সময়ে তাকে যেন হয়রানি না করা হয় এবং নির্বাচনের নীতিমালা অনুযায়ী কাজ করার সুযোগ চেয়ে কমিশনে আবেদন করেন তিনি।

মেহেরুন্নেসা বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২,৩, ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।