২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ হাতছাড়া হয় এমন কিছু করবেন না: নির্বাহী হাকিমদের সিইসি

ভোটের মাঠে নির্বাচনী আচরণবিধির প্রতিপালন নিশ্চিত করতে গিয়ে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকার পরমর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 01:27 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

কোনো ‘বিভ্রান্তিকর বা ব্রিব্রতকর’ পরিস্থিতির মধ্যে পড়লে ‘ধৈর্য্য, বুদ্ধিমত্তা ও দক্ষতার’ সঙ্গে তা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাহী হাকিমদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে সিইসির এ আহ্বান আসে।

তিনি বলেন, “নির্বাচনের পূর্বে ও পরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে। আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করবেন না যেন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কখনও আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না।”

নির্বাচন ঘিরে আগে ও পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, দলসহ সংশ্লিষ্ট সবাই কী করতে পারবে আর কী পারবে না- তা নির্ধারণ করে দেওয়া হয়েছে আচরণ বিধিমালায়। নিয়ম ভাঙলে শাস্তির বিধানও রয়েছে সেখানে।

ভোটের সময় স্বাভাবিকভাবেই আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর কাছ থেকে। কখনও কখনও আইনের তোয়াক্কা না করে জয়ের জন্য মরিয়া হয়ে উঠতে দেখা যায় প্রভাবশালী প্রার্থীর কর্মী-সমর্থকদের। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিকভাবে দোষীদের আইন অনুযায়ী সাজা দিতে পারেন।    

এ ধরনের পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হবে- সে বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিক নির্দেশনা দেওয়া হয় ব্রিফিংয়ে। 

সিইসি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনদেরকে অনেক সময় বিচলিত করে উসকানিমূলক পরিবেশে ফেলে দেয় নানা কারণে। বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে ফেলে দেয় অনেক সময়। সেই অবস্থাগুলো আপনাদের বুদ্ধিমত্তা, দক্ষতা আর ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে।”

বিভ্রান্তিকর অবস্থায় পড়লে সহনশীলতার সঙ্গে পরিস্থিতি বুঝে তারপর ‘অ্যাকশনে’ যাওয়ার পরামর্শ দেন সাবেক আমলা নূরুল হুদা।

তিনি বলেন, “এসব পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে হবে। বিভ্রান্ত না হয়ে কেন্দ্রের সাথে, প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগটা যত ভালো হবে, ততো ভালোভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন আপনারা। কখনও ধৈর্য্যচ্যুত হলে চলবে না।”

নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতময় কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, রক্তপাত যাতে না ঘটে- সেদিকে নজর রাখার আহবান জানান সিইসি।

“আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা চাই না নির্বাচন কেন্দ্রে কোনো সংঘাত হোক, সেখানে কোনো রক্তপাত হোক, কোনোরকম প্রাণহানি হোক। এগুলো সামাল দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব অপরিসীম।”

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষ দিন সোমবার রংপুর, রাজশাহী ও ‍খুলনা বিভাগের হাকিমদের ব্রিফ করে নির্বাচন কমিশন। 

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই ব্রিফিংয়ে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও ইটিআই এর মহাপরিচালক মোস্তফা ফারুক বক্তব্য দেন।

মাহবুব তালুকদার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেন, “সকল প্রতিকূলতা সত্ত্বেও বাংলদেশ একটি সুষ্ঠু, শুদ্ধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না- তা হতেই পারে না। আমরা কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করে কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যে কেউ জয়ী বা পরাজিত হতে পারে, দেশবাসী যেন পরাজিত না হয়।”

নির্বাচনী প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইন যদি সবার জন্য সম আচরণের নিশ্চয়তা না দেয়, তাহলে সেই আইন আইন নয়, কালো আইন। আপনারা আইনের প্রতিপালক, কালো আইনের নয়।”

নির্বাচনী আচরণবিধি দৃঢ়ভাবে কার্যকর করা, আচরণবিধি ভঙ্গকারীদের শাস্তি দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে নির্বাহী হাকিমদের দায়িত্ব সে কথা মনে করিয়ে দেন এ নির্বাচন কমিশনার।

প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টির তাগিদ দেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, “কোন বানেগা এমপি- এখন সর্বত্র আলোচনার বিষয়। আমরা চাই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। আপনারা সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।”

ভোটের মাঠে সমআচরণ ও সমান সুযোগ-সুবিধার মাধ্যমে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরি করা ওপর জোর দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, “আপনাদের ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে পড়লে আমরা বিব্রত হব। আমরা বিব্রত হতে চাই না। দেশ ও জাতির জন্য আমরা কাজ করতে চাই। এজন্য জুডিশিয়াল মাইন্ড ও আইনকানুন ব্যবহার করতে হবে।

আইন মেনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদি আপনারা আইনকে সমুন্নত রেখে কাজ করেন, তাহলে আপনারা কোনো অসুবিধায় পড়বেন না। কিন্তু আপনাদের বেআইনি কোনো কাজ, আপনাদের নির্লিপ্ততা আমরা মনিটর করব ক্লোজলি। ইচ্ছাকৃতভাবে কোনো বেআইনি কাজ করলে আপনাদের ছাড় দেওয়া হবে না।”