২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনীতদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পর মনোনীতদের হাতে প্রত্যায়নের চিঠি তুলে দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 11:47 AM

Updated : 11 Oct 2022, 12:47 PM

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নের এই প্রত্যায়নপত্রও জমা দিতে হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরে এই প্রত্যায়নপত্র যারা জমা দেবেন, কেবল তারাই নৌকার প্রার্থী বিবেচিত হবেন।   

রোববার সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চিঠি বিতরণ শুরু হয়। ৩০০ আসনের মধ্যে এদিন ‘২৩০টির মত’ আসনে আওয়ামী লীগের মনোনীতদের চিঠি দেওয়া হচ্ছে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

নিজের মনোনয়নের চিঠি নেওয়ার পর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সাভপতির  কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ আনুষ্ঠানিকভাবে আগামীকাল মনোনীতদের তালিকা ঘোষণা করা হবে।”

বিভিন্ন আসনে মনোনীতরা সকাল থেকে আওয়ামী লীগ কার্যালয়ে এসে দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করছেন।

চিঠি পেয়েছেন যারা

শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), এনামুল হক শামীম (শরীয়তপুর-২)।

জোটগতভাবে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টি এবং মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে বলেন, আসনের দাবিতে কম গুরুত্ব দিয়েই আওয়ামী লীগের সঙ্গে থাকতে চায় জাতীয় পার্টি।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি সমঝোতার ভিত্তিতে আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই অংশ নিয়েছিল।

২০০৮ সালে ২৭টি আসন জয়ী জাতীয় পার্টি এখন সংসদে আসন ৩৪টি। একাদশ সংসদ নির্বাচনে অন্তত ৪০টি আসন আওয়ামী লীগের কাছে জাতীয় পার্টি পেতে চায় বলে দলটির নেতাদের কথায় আভাস মিলেছিল।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে আসছেন, সব মিলিয়ে শরিকদের ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হতে পারে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর; কার্যত তার আগেই জোট-মহাজোটগুলোর আসন ভাগাভাগি চূড়ান্ত করতে হবে।