নতুন করে ‘গ্রেপ্তার’ আরও ২১ জনের তালিকা দিল বিএনপি
বিনা কারণে কাউকে গ্রেপ্তার না করতে নির্বাচন কমিশনের নির্দেশনার মধ্যে আরও নতুন করে ২১ জনকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
শনিবার দলটির পক্ষ থেকে গ্রেপ্তারদের মুক্তি ও নতুন করে কাউকে গ্রেপ্তার না করার দাবি জানানো হয়েছে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে পৌঁছে দেন বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন খান।
সন্ধ্যায় ইসিতে চিঠি দেওয়ার পর এ বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, “আমরা তিনবার করে (১৫, ১৭ ও ২০ নভেম্বর) চিঠি দিয়েছিলাম- আমাদের একজন লোক নিখোঁজ। কিন্তু তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হল।”
যশোরের মনোনয়নপ্রত্যাশী আবু বক্কর আবুর নিখোঁজের বিষয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছিল বিএনপি। পরে তার লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। পরদিন সিইসি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
“এ নিয়ে ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। এর দায় কমিশন এড়াতে পারে না,” চিঠিতে বলেছেন মির্জা ফখরুল।
ইসির সমালোচনা করে সালাউদ্দিন খান বলেন, “কমিশন বলে আসছে নির্দেশনা দিয়েছে। জীবিত থাকতে নির্দেশনা দেয়নি, মারা যাওয়ার পর দিয়ে কী হবে? কমিশন আগে কী করেছে?”
বিএনপির চিঠিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ২২ নভেম্বর পর্যন্ত তাদের ২১ জন নেতাকর্মীকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে।
এরা হলেন- রমনা থানা ছাত্রদল নেতা জুয়েল রানা, রূপনগর থানা বিএনপির নেতা আবুল কাশেম, রূপনগর থানা যুবদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম সিপু ও প্রচার সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, শাহজাহান সিকদার, মিন্টু মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন, মোহাম্মদপুর থানা বিএনপির নেতা আব্দুর রহমান, মাসুম, সুত্রাপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, বিএনপির ওয়ার্ড নেতা কাউছার আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মুজিবুর রহমান, শ্রমিক দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন; খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক ভূঁইয়া, ভৈরব উপজেলা বিএনপির সদস্য আলমগীর মেম্বার, পৌর বিএনপির সদস্য আব্দুল খালেক, পৌর যুবদলের সদস্য রুবেল মিয়া, ভৈরব শিমুলকান্দি বিএনপির সাধারণ সম্পাদক ড. জামাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ফারুক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাওছার মিয়া, কুমিল্লা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ আউয়াল খান।
