২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের তালিকা করার নির্দেশ সিইসির

অবৈধ অস্ত্র উদ্ধার, মস্তান, সন্ত্রাসী ও অবৈধ প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোটের আগে-পরে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সব দল ও প্রার্থীর প্রতি সমআচরণ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 01:45 AM

Updated : 19 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর, রেঞ্জ ও মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভায় অন্তত ১৬ দফা নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, “প্রত্যেক এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মস্তান যে দলেরই হোক তাদের তালিকা তৈরি করতে হবে। তারা যেন নির্বাচনে কোনো রকম অবৈধ প্রভাব ফেলতে না পারে, সেজন্য তাদের নজরদারির মধ্যে রাখতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে সচেষ্ট থাকতে হবে এবং বৈধ অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে।”

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনে পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই সভায় বসে ইসি।

ভোটের আর ৩৮ দিন সময় হাতে থাকার বিষয়টি তুলে ধরে সিইসি বলেন, “সংবিধানের ১২৬ অনুচ্ছেদের দোহাই দিয়ে আমাদের দেড়-দুমাসের খবরদারি মুখ্য কথা নয়। মুখ্য কথা হলো-সংবিধানের আলোকে কর্তব্যবোধের প্রতি সম্মান দেখানো। এখানে বিবেক কাজ করবে, কর্তৃত্ব নয়। এখানে পেশাদারি দক্ষতা ও প্রত্যয় প্রাধান্য পাবে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপস নয়।”

আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় অন্তত একডজন নির্দেশনা তুলে ধরে সিইসি নূরুল হুদা বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। কেননা সব দল অংশ নেবে। নির্বাচনের সবপ্রস্তুতি গ্রহণ করেছি। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের কারণে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।”

বিশেষ সভার আলোচনায় ১৬ বিষয়

>> অবৈধ অস্ত্র উদ্ধার;

>> বৈধ অস্ত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা;

>>সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা;

>>অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ;

>>নির্বাচী দ্রব্যাদি পরিবহন, সংরক্ষণ ও বিতরণে নিরাপত্তা;

>>লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ;

>>রিটার্নিং অফিসারের কার‌্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ;

>>মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের নিরাপত্তা;

>>রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের বাসভবন/বাসস্থানের নিরাপত্তা;

>>রিটার্নিং অফিসারের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারকরণ;

>>সহকারী রিটার্নিং অফিসারের ব্যক্তিগত নিরাপত্তা;

>>আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে থাকা নির্বাহী হাকিম ও ইলেক্টোরাল এনকোয়ারি কমিটির দায়িত্ব পালনে পুলিশ ফোর্স নিয়োজিতকরণ;

>>সারাদেশ ধেতে পোস্টার, ব্যানার, গেইট, তোরণ ইত্যাদি প্রচার সামগ্রী অপসারণ;

>>নির্বাচন-পূর্ব শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে করণীয় নির্ধারণ;

>>নির্বাচনী আইনের বিধান সুষ্ঠুভাবে প্রতিপালনের পরিবেশ সুগম করা;

>>নির্বাচন-পূর্ব শান্তিশৃঙ্খলা বিষয়ক পদক্ষেপ গ্রহণ;

>>ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায়ে কর্মপরিকল্পনাগ্রহণ এবং

>>আইন শৃঙ্খলারক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় সাধন ও সংসংহতকরণ।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সভার কার্যপত্রে বলা হয়েছে- সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে অবৈধ অস্ত্র পাচার ও পরিচালনার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে অবৈধ অস্ত্র ব্যবহার রোধ করা অনেকাংশে সহজ হবে।

ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া বৈধ লাইসেন্সধারী অস্ত্র মালিকদেরকে বিশেষ করে নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের অস্ত্রসহ চলাচলে বাধা-নিষেধ প্রয়োগ করতেও বলেছে ইসি। ক্ষেত্র বিশেষে সীমিত সময়ের জন্য অস্ত্র থানায় জমা দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও এসেছে।

নির্বাচনকালীন সংখ্যালঘু সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নিরীহদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করেছে ইসি। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা বিষয়টি নিশ্চিত করবে।

নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন তাদেরকে ভোটের কয়েকদিন আগে নির্বাচনী এলাকায় অবস্থান না করার বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেবে ইসি।

নির্বাচনী কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর বন্ধ করতে পুলিশকে বলেছেন সিইসি। হয়রানিমূলক মামলা দায়ের কিংবা গ্রেপ্তার না করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

সিইসি নূরুল হুদা বলেন, “নির্বাচনটি সবার, সকলে মিলে তা সফল করব। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনাদের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আমর। নৈমত্তিক কাজে অবশ্যই হস্তেক্ষেপ করব না। তবে নিরপেক্ষতা ও সক্ষমতার প্রতি নজরদারি থাকবে। কারও অদক্ষতা ও পক্ষপাতদুষ্ট আচরণে ভোট প্রশ্নবিদ্ধ হবার পরিস্থিতি হলে ব্যবস্থা নিতে দুবার চিন্তা করব না।”

অতিউৎসাহী না হতে নির্দেশ মাহবুব তালুকদারের

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন বলে জানান বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা।

গাজীপুর ও বরিশাল সিটি নির্বাচনে পুলিশের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

এ নির্বাচন কমিশনার কমিশনার বলেছেন, ইসি প্রশ্নবিদ্ধ হলে তার দায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর বর্তাবে। আইন শৃঙ্খলাবাহিনীর প্রশ্নবিদ্ধ হলে ইসিও দায় এড়াতে পারে।

“অতি উৎসাহী হয়ে কাজ করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ইসির পক্ষে এককভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব না। আমি কনে করি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে পুলিশের একটা বিরাট ভূমিকা রয়েছে। পুলিশ যদি সবার প্রতি সমান আচরণ করে তাহলে সেটা সম্ভব হতে পারে।”

পুরনো খবর:

১৫ ডিসেম্বরের পর মাঠে সশস্ত্রবাহিনী: সিইসি