চীন ও রাশিয়া ইরানকে সাহায্য করছে বলে মনে করেন না ট্রাম্প
ট্রাম্পের দাবি, তেহরানের পাশে দাঁড়ালে মস্কো ও বেইজিংয়ের নিজস্ব স্বার্থই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া ইরানকে ‘কোনোভাবে’ সহায়তা করছে বলে তিনি বিশ্বাস করেন না।
তার ভাষ্য, তেহরানের পাশে দাঁড়ালে মস্কো ও বেইজিংয়ের নিজেদের স্বার্থই ‘বড় ধরনের ঝুঁকির মুখে’ পড়বে।
সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া ইরানকে সাহায্য করছে বলে তার সমালোচক ও রাজনৈতিক বিরোধীরা যে দাবি তুলছেন, তা তিনি দেখেছেন।
ট্রাম্প লেখেন, “যদি তারা করেও থাকে, তবে তা খুবই সামান্য। কিন্তু আমি বিশ্বাস করি, তারা কোনোভাবেই তা করছে না। তাদের হারানোর অনেক কিছু রয়েছে; আর এমন কিছু ঘটলে আমরা তা জানব, এবং খুব দ্রুতই জানতে পারব।”
রয়টার্স লিখেছে, এর আগে গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধে তেহরানকে সাহায্য না করার ব্যাপারে চীন ও রাশিয়ার ওপর তার আস্থা রয়েছে।
তবে তারা এই যুদ্ধে জড়ালে তা তাদের জন্য ‘খুবই খারাপ হবে’ বলেও ট্রাম্প সতর্ক করেছিলেন।
ওই যুদ্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘নিরপেক্ষ’ ভূমিকা পালন করছেন বলেও এর আগে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
এর জবাবে তেহরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ এবং লেবাননে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মস্কো ও বেইজিং তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে চলেছে। রাশিয়া সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ পশ্চিম এশিয়ায় পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা ডেকে আনতে পারে।
অন্যদিকে তেহরানে ওয়াশিংটনের হামলাকে ইরানের সার্বভৌমত্বের ‘চরম লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।
গত মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটন সফরে গেলে ট্রাম্প তাকে ইরানের পাশে না দাঁড়ানোর বিষয়ে কড়া সতর্কবার্তা দেন।
সে সময় বেইজিংয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, চীন ইরানকে কোনো সহায়তা দেবে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে।
চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহ করেছে এবং তেল বিক্রির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে তেহরান বেইজিংয়ের সহায়তা নিচ্ছে–এমন একাধিক প্রতিবেদনের প্রেক্ষাপটেই ট্রাম্প ওই হুঁশিয়ারি দিয়েছিলেন।
এর আগে গত জুলাইয়ে জর্ডানের একটি ঘাঁটিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় একটি প্রতিবেদনে বলা হয়, হামলার আগে চীনা কয়েকটি কোম্পানির কাছ থেকে স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল ইরান।
তবে গত সেপ্টেম্বরে সেই প্রতিবেদন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প।
