২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে

মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে চারটির ফল ঘোষণা এখনও বাকি আছে।

নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে

নর্থ ক্যারোলাইনার নবনির্বাচিত প্রতিনিধি ডেমোক্র্যাট চাক হাবার্ড। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 01:33 PM

Updated : 23 Nov 2026, 01:43 PM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট পার্টি অন্তত ২৫৮টি আসনে জয় পেয়েছে। এটি তিন দশকেরও বেশি সময়ের মধ্যে কংগ্রেসের নিম্নকক্ষে কোনো একটি দলের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা।

রোববার নর্থ ক্যারোলাইনার ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ড তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে প্রতিনিধি পরিষদে দলের পক্ষে ২৫৮তম আসনটি নিশ্চিত করেন, জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ।

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে চারটির ফলাফল ঘোষণা এখনও বাকি আছে।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা নিউ ইয়কের হাকিম জেফ্রিস সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা এইমাত্র চলতি শতাব্দীতে কংগ্রেসে যে কোনো দলের পাওয়া সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ‍বুম!”

জেফ্রিস মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণকায় স্পিকার হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের এই ব্যাপক নির্বাচনী বিজয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অর্থনীতি পরিচালনার ধরন ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের প্রতি ভোটারদের গভীর হতাশাকে স্পষ্ট করে তুলেছে। এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে গেছে, যা ভোটারদের অসন্তুষ্ট করেছে।

একের পর এক জনমত জরিপগুলোতে ভোটাররা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তাদের উদ্বেগ আর ট্রাম্প যেভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছেন তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ডেমোক্র্যাটরা শেষ ১৯৯২ সালে প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন পেয়েছিল। এরপর ২০০৮ সালে তারা ২৫৭টি আসন পায়। অপরদিকে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১৪তম কংগ্রেসে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা সর্বোচ্চ ২৪৭টি আসনে পৌঁছেছিল।

২০২৭ এ মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ১৯৯০ দশকের শুরুর দিকের পর যেকোনো দলের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে গত শতাব্দীর কয়েকটি দশকে এর চেয়েও অনেক বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দলটি।

১৯৩০ দশকের বেশিরভাগ সময় ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে ৩১৩ বা তার বেশি আসন ছিল। এরপর ১৯৬০ দশকের মাঝামাঝি ও ১৯৭০ দশকের শেষের দিকে তাদের আসন সংখ্যা ২৯০টি ছাড়িয়ে গিয়েছিল।

রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে তাদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ১৯২০ এর দশকে, যখন তাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ ৩০২টি আসন ছিল।