২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা হামলায় শতাধিক নিহত

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি বাজার ও স্নুকার হলে এবং সোয়াতের মিনগোরা শহরে এক জনসভায় বোমা হামলা চালানো হয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 Jan 2013, 05:08 AM

Updated : 13 Oct 2022, 02:46 PM

পাকিস্তানের দুটি শহরে বোমা হামলায় ১১৪ জন মানুষ নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরো অন্তত ২শ’ জন।

বৃহস্পাতিবার পাকিস্তানের কোয়েটা ও মিঙ্গোরা শহরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সবচেয়ে বেশি হতাহত হয়েছে কোয়েটায়। এটি কয়েক বছরের মধ্যে পাকিস্তানের অন্যতম ভয়াবহ বোমা হামলা।

বৃহস্পতিবার সন্ধ্যায়, বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটায় পরপর দুটি বোমা হামলায় অন্তত ৮২ জন নিহত ও ১২১ জনেরও বেশি মানুষ আহত হয় বলে জানিয়েছেন পুলিশের উপপরিদর্শক হামিদ শাকিল।

একটি জনাকীর্ণ হলে স্নুকার খেলার আসরে প্রথম বোমা হামলাটি চালানো হয়। এটিকে একটি আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দশমিনিট পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও গণমাধ্যমকর্মীদের লক্ষ করে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এতে ৯ পুলিশ ও উদ্ধার করতে আসা ২০ জন কর্মীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিষিদ্ধি ঘোষিত জঙ্গি সুন্নি সাম্প্রদায়িক গোষ্ঠী লস্কর-ই-জাঙ্গভি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। শিয়াদের হামলার লক্ষ্যে পরিণত করেছে গোষ্ঠীটি।


প্রায়শই গুলি, বোমা ইত্যাদি হামলায় শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের হত্যা করা হলেও এসব হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের ঘটনা বিরল।

এরআগে একই দিনে কোয়েটার একটি বাজারে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়। এতে আহত হয় ৪০ জনেরও বেশি মানুষ।

শিয়া মানবাধিকার আন্দোলনকারীরা দাবি করেছেন, জঙ্গিরা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সহযোগী হিসেবেই কাজ করে।


এদিকে, উত্তর-পশ্চিমের সহিংসতা-বিক্ষুব্ধ সোয়াত প্রদেশের মিনগোরা শহরে এক ধর্মীয় নেতার জনসভায় চালানো বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হন। এতে আহত হন প্রায় ৬০ জন।

স্থানীয় সাইদু শরিফ হাসপাতাল এবং পুলিশ কর্মকর্তারা একথা নিশ্চিত করেছেন।

অনেকের অবস্থাই আশঙ্কাজনক উল্লেখ করে ডা: নিয়াজ মোহাম্মাদ জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।