দিল্লির ছাত্রী ধর্ষণ: নিজেদের নির্দোষ দাবি অভিযুক্তদের
নয়াদিল্লির প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত তিন ব্যক্তি আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছে।
বুধবার এ খবর জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী মনোহর লাল শর্মা। পুলিশের তদন্তে অসঙ্গতি খুঁজে পাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।
ওই ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ওই ঘটনায় ভারতজুড়ে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ায় দিল্লির যে আদালতে মামলাটি উঠেছে ওই আদালতের কোনো আইনজীবীই প্রথমে অভিযুক্তদের পক্ষে মামলা লড়তে রাজি হননি।
কিন্তু পরে দুজন আইনজীবী ভি কে আনন্দ এবং মনোহর লাল শর্মা ৫ অভিযু্ক্তের মামলা নিতে রাজি হন। অভিযুক্তদেরও ন্যায়বিচার পাওয়া অধিকার আছে, এই বিবেচনায় তাদের পক্ষে মামলা লড়তে রাজি হন তারা।
পাঁচ অভিযুক্তের মধ্যে অভিযুক্ত বাস ড্রাইভার, তার ভাই ও অপর এক অভিযুক্তের পক্ষে লড়ছেন শর্মা।
তিনি বলেছেন, পুলিশ আদালতে যে সাক্ষ্যপ্রমাণ হাজির করেছে তা পরীক্ষা করার জন্যও মামলাটির বিচার হওয়া উচিত।
“পুলিশ যা বলেছে আমরা তাই শুধু শুনেছি। এগুলো বানানো প্রমাণ। এর সবই শোনা ও অনুমানের ভিত্তিতে তৈরি করা,” বলেন তিনি।
অভিযুক্ত অপর দুইজন তাদের পক্ষে লড়বার জন্য কোনো আইনজীবী পেয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। অভিযুক্ত অপর একজনের বয়স কম হওয়ায় তাকে আলাদাভাবে আটক রাখা হয়েছে।
