২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের হুদায়দাহ উপকূলের কাছাকাছি এলাকায় ভূপাতিত করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 01:31 PM

Updated : 15 Jan 2024, 02:02 PM

লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মোতায়েন একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুতিদের ছোড়া একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

রোববার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে জানায়, ১৪ জানুয়ারি সানার স্থানীয় সময় বিকাল প্রায় ৪টা ৪৫ মিনিটের দিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস লাবুনের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো ইয়েমেনের হুদায়দাহ উপকূলের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে।

যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যস্থলগুলোতে হামলা শুরু করার পর থেকে এটি লোহিত সাগরে হুতিদের ছোড়া দ্বিতীয় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে আল জাজিরা।

সেন্টকমের বিবৃতি আসার কয়েক ঘণ্টা আগে হুতিদের মুখপাত্র মোহাম্মদ আবুল সালাম গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, রোববার মার্কিন বিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা ও উপকূলীয় এলাকার কাছ দিয়ে উড়তে দেখা গেছে।

এ ঘটনাকে ‘ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, হুদায়দাহ উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, সেন্টকমের জানানো এমন ঘটনা আর হুতিরা যে অভিযোগ করেছে, তা একই ঘটনা কি না তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করতে পারেনি তারা।

গাজায় ইসরায়েলের হামলা ও অবরোধের মধ্যে থাকা ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও পশ্চিমা বিভিন্ন জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুতিরা। গাজায় ইসরায়েলের হামলা না থামা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীটি।

লোহিত সাগরে হামলা বন্ধ করতে হুতিদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। হুতিরা তাদের হুঁশিয়ার উপেক্ষা করার পর যুক্তরাষ্ট্র শুক্র ও শনিবার ইয়েমেনে হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ হামলার ‘কঠোর’ জবাব দেওয়ার হুমকি দিয়েছিল হুতিরা।

হুতিদের সর্বশেষ এ হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সেন্টকম।

লোহিত সাগর ঘিরে সৃষ্ট এ উত্তেজনায় ইসরায়েল-হামাস যুদ্ধ ফিলিস্তিনের গাজা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের আরও বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর কঠোর জবাবের হুমকি হুতিদের
ইয়েমেনে ফের হামলা যুক্তরাষ্ট্রের