অকাস পারমাণবিক সাবমেরিন তৈরির কাজ পেল ব্রিটিশ কোম্পানি
২০৩০ সালের শেষ দিকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ অ্যাটাক সাবমেরিন দেওয়া হবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবকে টেক্কা দিতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ২০২১ সালে যে নিরাপত্তা চুক্তি (অকাস) সই করেছে, তার আওতায় নতুন প্রজন্মের সাবমেরিন তৈরি করতে প্রায় ৪০০ কোটি পাউন্ডের কাজ পেয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা কোম্পানি বিএএফ সিস্টেমস।
এ বছর মার্চে অকাস চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এ চুক্তির অধীনে ২০৩০ সালের শেষ দিকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ অ্যাটাক সাবমেরিন দেওয়া হবে।
যুক্তরাজ্যের সর্ববৃহৎ প্রতিরক্ষা কোম্পানি বিএই সিস্টেমস এর প্রধান নির্বাহী চার্লস উডবার্ন বলেন, নতুন প্রজন্মের অত্যাধুনিক এই এসএসএন-অকাস সাবমেরিন তৈরির কাজে যুক্ত হতে পেরে তারা গর্বিত।
এ দশকের শেষ নাগাদ প্রথম এসএসএন-অকাস সাবমেরিন ডেলিভারি হওয়ার কথা। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উভয় দেশ এই সাবমেরিন ব্যবহার করবে।
এসএসএন-অকাস যুক্তরাজ্যের রয়্যাল নেভির হাতে পাওয়া সর্ববৃহৎ, সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক সাবমেরিন হতে চলেছে। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
