০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষের অনুষ্ঠানের পুরস্কার বিতরণ

‘নজরুলবর্ষ’ উপলক্ষ্যে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যকলা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 08:20 PM

Updated : 04 Nov 2026, 08:20 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

‘নজরুলবর্ষ’ উপলক্ষ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নৃত্যকলা বিভাগ।

বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণী ও বিশেষ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। এর আগে বেলা ১১টায় সৃজনশীল নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান বলেন, "কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য সম্পদ। তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিশ্ববিদ্যালয় এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।"

আয়োজক বিভাগের রিসোর্স পারসন সাজু আহমেদ জানিয়েছেন, নজরুলের সৃষ্টিকর্মের নান্দনিকতা, মানবতাবাদী চেতনা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে নৃত্যের মাধ্যমে উপস্থাপনের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির শিল্পভাবনার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয়কে আরও নিবিড় করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকসংস্কৃতি সংসদের সভাপতি ও গবেষণা নৃত্যপরিচালক মিনা মোহাম্মদ নজরুল ইসলাম, বাচিকশিল্পী টিটো মুন্সি এবং নাট্যকার মাসুম রেজা।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সোমা মুমতাজ, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান সাইদুর রহমান লিপন এবং সংগীত বিভাগের প্রধান মো. আরিফুর রহমান।

জাতীয় কবির সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নিয়ে কাজ করার লক্ষ্যে এর আগে অগাস্টে কবির ৫০তম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ স্থাপন করা হয়।