শিল্পকলায় রবীন্দ্র সৃজনকলার নাটক ‘এনিমেল ফার্ম’
আগামী ২৬ ও ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে।
জর্জ অরওয়েলের বিশ্বখ্যাত উপন্যাস ‘এনিমেল ফার্ম’ অবলম্বনে নির্মিত নাটক মঞ্চে আনছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।
আগামী ২৬ ও ২৭ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে।
নজরুল সৈয়দের নাট্যরূপে এটি নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের প্রধান সাইদুর রহমান লিপন।
‘এনিমেল ফার্ম’ মূলত প্রাক্তন সোভিয়েত রাশিয়ার সরকার ও শাসন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত শোষণ, নিপীড়ন এবং ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদী গল্প।
গল্পটি পশুদের হলেও, জর্জ অরওয়েল প্রতীকী ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে সমকালীন রাজনৈতিক বাস্তবতা ও সমাজতান্ত্রিক বিপ্লবের ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়েছে।
নাটকটি নিয়ে নির্দেশক সাইদুর রহমান লিপন জানিয়েছেন, শোষণ-নিপীড়নের চূড়ান্ত পরিণতি হলো অনিবার্য বিপ্লব। ফরাসি বিপ্লব থেকে শুরু করে রুশ বিপ্লব ইতিহাসের সব বিপ্লবের পরিণতিতে শুধু ক্ষমতার হাতবদলই ঘটেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি।
এ নাটক নিয়ে লেখক বলেছিলেন, “এটা হচ্ছে আমার প্রথম বই, যেখানে আমি সম্পূর্ণ সচেতন থেকে রাজনৈতিক উদ্দেশ্য এবং শৈল্পিক উদ্দেশ্য এক করে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেছি।”
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই নাটকের মাধ্যমে ক্ষমতাহীন ও ক্ষমতাধারীর চিরন্তন বাইনারি প্রপঞ্চটিই দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো.হাবিবুল্লাহ, ফাহাদ খান, সাইফুল ইসলাম, মো.সজিব হোসেন, সানজিত সুপ্ত, নাজিমউদ্দৌলা জুয়েল, আবির খান অন্তু, পলক চক্রবর্তী, রিফাত আরা জুঁই, মেহেদী হাসানসহ নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।
নাটকটির সহযোগী নির্দেশনায় আছেন আব্দুর রাজ্জাক ও মো.শামীম আহমেদ। আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মন, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার এবং সংগীত পরিকল্পনায় রয়েছেন অসীম কুমার নট্ট।
‘এনিমেল ফার্ম’ এর টিকেটের দাম ধরা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ এবং ২০০ টাকা।
