২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ ‘শিকারী’ আটক

এর মধ্যে ছিল দেশীয় বিপন্ন প্রজাতির হরিয়াল ঘুঘু, তিলা ঘুঘু, কট কোয়াল, শালিকসহ বিভিন্ন রকম বক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 02:48 PM

Updated : 25 Oct 2026, 02:48 PM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক পাখিসহ দুজনকে আটক করা হয়েছে। পাখিগুলোর অধিকাংশই দেশীয় বিপন্ন প্রজাতির।

শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাদেরকে আটক করে বলে জানিয়েছেন কবিরহাট উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

আটকরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার বারোগাঁও ইউনিয়নের হোসেনপুরের মো. ইয়াছিন (৫৫) ও পেয়ারাপুরের শেখ আহম্মদ (৬০)।

এনিমেল রাইটস বিডি ৬৪ এর সভাপতি রাইমন চৌধুরী রনি বলেন, আটক ইয়াছিন ও শেখ আহম্মদ একটি সিএনজিচালিত অটোরিকশায় দেশীয় বিপন্ন প্রজাতির হরিয়াল ঘুঘু, তিলা ঘুঘু, কট কোয়াল, বিভিন্ন রকম বক এবং শালিকসহ দুই শতাধিক পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।

খবর পেয়ে বন বিভাগ এবং এনিমেল রাইটস বিডি ৬৪ ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলো উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা প্রায় ১০ বছর থেকে দেশের বিভিন্ন জেলায় ফাঁদ পেতে পাখি ধরে পাচার করে আসছেন।

বন কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, উদ্ধার করা পাখিগুলো লক্ষীপুরের রামগতি উপজেলা থেকে ধরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারের পর একশটি পাখি স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবিরহাটেই অবুক্ত করা হয়। বাকি পাখিগুলো রোববার অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বন্যপ্রাণী আইনে মামলার পর দুজনকে সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।