২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১২

নিখোঁজ লোকজনের সন্ধানে সিভিল ডিফেন্স, রেড ক্রস, দমকল ও সামরিক বাহিনীর উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। 

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১২

ভূমিধস সামনে পড়া সবকিছু ধ্বংস করে দিয়েছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 01:57 PM

Updated : 19 Jul 2023, 01:57 PM

কলম্বিয়ার পার্বত্য মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।  

মঙ্গলবার উন্দিনামার্কা প্রদেশের প্রত্যন্ত ছোট শহর কেতামিতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে।   

টেলিফোনে সিভিল ডিফেন্সের অভিযান বিষয়ক পরিচালক রিকার্দো করোনাদো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

“এখন পর্যন্ত আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করেছি। এদের মধ্যে দু’টি শিশু আছে,” বলেছেন তিনি।

নিখোঁজ লোকজনের সন্ধানে সিভিল ডিফেন্স, রেড ক্রস, দমকল ও সামরিক বাহিনীর উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

Image

ছবি: রয়টার্স

ভূমিধসের কারণে রাজধানী বোগোতার সঙ্গে গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল মেতা প্রদেশের প্রধান শহর ভিয়াবিসেনসিওর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

পর্বতময় দেশ, প্রচুর বৃষ্টি ও ঘরবাড়ির অনিয়মিত নির্মাণের কারণে কলম্বিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটিতে সর্বশেষ বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটে পুতুমাইয়ো প্রদেশের মোকোয়া শহরে, এখানে ৩২০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল।