১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রিন্সেস ডায়ানার ভাইয়ের প্রকাশিতব্য বইয়ে ৫ বিস্ফোরক দাবি

স্পেন্সারের দাবি, ডায়ানার মৃত্যুর পর চার্লসকে ‘লটারিতে জেতা ব্যক্তির মতো উচ্ছ্বসিত’ মনে হচ্ছিল।

প্রিন্সেস ডায়ানার ভাইয়ের প্রকাশিতব্য বইয়ে ৫ বিস্ফোরক দাবি

রাজা চার্লস ও প্রিন্সেস ডায়ানা। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:35 PM

Updated : 19 Sep 2026, 01:49 PM

প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেন্সারের নতুন বই ‘সোয়ান সং’ প্রকাশের আগেই এর কয়েকটি অংশ প্রকাশ্যে এসেছে; আর তাতেই ব্রিটিশ রাজপরিবারে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

ডায়ানার অসুখী দাম্পত্য জীবন এবং ১৯৯৭ সালে তার মৃত্যুর পর তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লসের প্রতিক্রিয়া নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেছেন স্পেন্সার।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেছেন, “নীতিগত কারণে আমরা সাধারণত বই নিয়ে মন্তব্য করি না। তবে মহামান্য রাজা মনে করেন, বোনকে হারানোর আবেগ কখনও কখনও মানুষের যুক্তি, বিচারবুদ্ধি ও স্মৃতিকে প্রভাবিত করতে পারে, যা অন্যরা বুঝতে পারেন না—এমনকি বহু বছর পরও।”

সিএনএন লিখেছে, প্রকাশিতব্য বইটি তারা দেখেনি। তবে বইটির প্রকাশক পেঙ্গুইন র‌্যান্ডম হাউস নিশ্চিত করেছে, ডেইলি মেইলে প্রকাশিত উদ্ধৃতিগুলো সঠিক।

আগামী সপ্তাহে বইটি প্রকাশের কথা রয়েছে। তার আগে প্রকাশ পাওয়া অংশে উঠে আসা পাঁচ উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—

ডায়ানার মৃত্যুতে ‘উচ্ছ্বসিত ছিলেন চার্লস’

১৯৯৭ সালের ৩১ অগাস্ট প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর খবর জানার পর বোনের সাবেক স্বামী চার্লসকে ফোন করেছিলেন স্পেনসার।

তার দাবি, ফোনে চার্লসকে ‘লটারিতে জেতা ব্যক্তির মতো উচ্ছ্বসিত’ মনে হচ্ছিল।

স্পেন্সার লিখেছেন, এখন পেছনে ফিরে তার মনে হয়, ডায়ানাকে হারানোর শোকের চেয়ে চার্লসের প্রথম প্রতিক্রিয়া সম্ভবত ছিল—এ ঘটনা তাকে তার ভালোবাসার নারীকে বিয়ে করার সুযোগ করে দেবে।

‘আমরা তাকে খুব শিগগিরই ভুলে যাব’

ডায়ানার শেষকৃত্যে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মায়ের কফিনের পেছনে হাঁটা উচিত কি না তা নিয়ে চার্লস ও স্পেন্সারের মধ্যে কথা কাটাকাটি হয় বলে বইয়ে দাবি করা হয়েছে।

স্পেন্সারের ভাষ্যে, একপর্যায়ে চার্লস রাগের স্বরে কথা বলতে থাকেন এবং কিছুক্ষণ থামেন। তিনি ভেবেছিলেন, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন চার্লস। কিন্তু এরপর চার্লস ফোনে ডায়ানার প্রতি তার ‘জমে থাকা ঘৃণা’ এবং ডায়ানার মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে তৈরি হওয়া আবেগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Image

চার্লস স্পেনসারের বই ‘সোয়ান সং, ডায়ানা: মাই সিস্টার’-এর প্রচ্ছদ। ছবি: রয়টার্স

স্পেন্সারের দাবি, চার্লস তখন বলেন, “নিশ্চিত থাকুন, আমরা খুব শিগগিরই তাকে ভুলে যাব।”

জবাবে স্পেন্সার তাকে বলেন, “আপনি এইমাত্র যা বললেন, তা আমি বিশ্বাস করতে পারছি না।

এরপর স্পেনসার ফোন রেখে দেন বলে বইয়ে লিখেছেন তিনি।

ডায়ানার কফিনের পেছনে হাঁটার অভিজ্ঞতাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করে স্পেন্সার লিখেছেন, ডায়ানার মৃত্যুর পর ছোট ছেলে প্রিন্স হ্যারির প্রতি যথেষ্ট যত্ন নেওয়া হয়নি।

“অবশ্যই, তার ডায়ানার আলিঙ্গন প্রয়োজন ছিল, কিন্তু সেই আলিঙ্গন থেকে সে চিরতরে বঞ্চিত হল। অথচ শান্তি ও স্নেহ-যত্ন পাওয়ার বদলে তাকে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া হয়েছিল।”

বিয়ে ভেঙে দেওয়ার আকুতি

চার্লস ও ডায়ানার অসুখী দাম্পত্য সম্পর্ক নিয়েও নিজের উপলব্ধি তুলে ধরেছেন স্পেন্সার।

তার দাবি, চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের ২১তম জন্মদিনের অনুষ্ঠানে ডায়ানার প্রতি তেমন আগ্রহই দেখাননি চার্লস। এরপর ডায়ানা তার বাবার কাছে গিয়ে বলেছিলেন, তিনি বিয়ে করতে পারবেন না।

স্পেন্সার লিখেছেন, ডায়ানা বলেছিলেন, যে মানুষ তাকে ভালোবাসেন না, তাকে বিয়ে করার মতো পরিস্থিতিতে যেতে পারবেন না। তবে তার বাবা বাগদান ভেঙে দেওয়ার অনুমতি দেননি বলে দাবি করেছেন স্পেন্সার।

এর কিছুদিন আগে ডায়ানা চার্লসের কেনা একটি ব্রেসলেট খুঁজে পেয়েছিলেন। ব্রেসলেটটি চার্লসের বর্তমান স্ত্রী কুইন ক্যামিলার জন্য কেনা হয়েছিল বলে দাবি করেছেন স্পেন্সার।

ডায়ানার ‘ঘনিষ্ঠ বন্ধুর’ বরাতে স্পেনসার লিখেছেন, বিয়ের আগের দিনও চার্লস হবু স্ত্রী বলেছিলেন, তাকে বিয়ে করতে পেরে তিনি খুব খুশি।

ডায়ানার সেই ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেছেন, চার্লস আসলে তাকে ভালোবাসতেন না।

শারীরিক গঠন নিয়ে ঠাট্টা

বাগদানের কয়েক দিন পরই ডায়ানার কোমর চেপে চার্লস মন্তব্য করেছিলেন, “এখানে একটু বেশিই চর্বি জমেছে, তাই না?”

ডায়ানা বুলিমিয়ায় ভুগতেন দাবি করে স্পেন্সার লিখেছেন, পরে ডায়ানা তাকে জানিয়েছিলেন যে বাগদান থেকে বিয়ের মধ্যে তার কোমরের মাপ ২৯ ইঞ্চি থেকে কমে ২৩.৫ ইঞ্চি হয়েছিল।

ডায়ানার উপাধি ফিরিয়ে দিতে চেয়েছিলেন রানি এলিজাবেথ

বিবাহবিচ্ছেদে ডায়না যে উপাধি হারিয়েছিলেন, সেই ‘এইচআরএইচ’ (হার রয়্যাল হাইনেস) তার শেষকৃত্যের দিন রানি দ্বিতীয় এলিজাবেথ ফিরিয়ে প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন স্পেন্সার।

রাজকীয় নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পর এই পদবি কেড়ে নেওয়া হতো, যেমনটি অ্যান্ড্রুর স্ত্রী সারা ফার্গুসনের বিচ্ছেদের পরও হয়েছিল।

স্পেন্সার বলেন, এই উপাধি কেড়ে নেওয়ায় ডায়ানা ‘ভীষণভাবে কষ্ট পেয়েছিলেন’।

রানি এলিজাবেথের ‘ভালো উদ্দেশ্যে করা’ প্রস্তাব ‘সান্ত্বনা পুরস্কার’ মনে হওয়ায় তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন স্পেনসার।

রানির ব্যক্তিগত সচিব রবার্ট ফেলোসের সঙ্গে আলাপের কথা জানিয়ে স্পেন্সার লিখেছেন, “আমি ভেতর থেকে অনুভব করেছিলাম, মৃত্যুর পর এ পুরস্কারকে ডায়ানা কীভাবে দেখতেন। অবশ্যই, রানির উদ্দেশ্য ভালো ছিল।

“কিন্তু এতে কী লাভ, রবার্ট? এখন? মানে—ডায়ানা তো মারা গেছে।”