২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের দুই শহরে ড্রোন হামলা

ইসরায়েল এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিকে দায়ী করে বলেছে, ইসরায়েলে হামলার জন্য ড্রোনগুলো পাঠানো হয়েছিল।  

মিশরের দুই শহরে ড্রোন হামলা

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 12:23 PM

Updated : 28 Oct 2023, 01:43 PM

লোহিত সাগরের উপকূলে মিশরের দু’টি শহরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শহর দু’টিতে বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিশরের সেনাবাহিনী।

শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিকে দায়ী করে বলেছে, ড্রোনগুলো ইসরায়েলে হামলার জন্য পাঠানো হয়েছিল।   

মিশরে এ ড্রোন হামলা গাজা ও ইসরায়েলের যুদ্ধ পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তুলে ধরেছে বলে ধারণা বার্তা সংস্থা রয়টার্সের।  

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান-সমর্থিত হুতিরা ‘ইসরায়েলের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গারিব আব্দেল হাফেজ জানান, লোহিত সাগরের দক্ষিণাঞ্চল থেকে উত্তরের দিক লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়।  

লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে ইয়েমেন ও উত্তর প্রান্তে ইসরায়েলের অবস্থান।

মিশরের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার ভোররাতের দিকে ইসরায়েলের সীমান্তবর্তী মিশরীয় শহর তাবার এক হাসপাতাল সংলগ্ন এক ভবনে একটি ড্রোন আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটায়, এতে ছয়জন আহত হন। 

শুক্রবার সকালে দ্বিতীয় ড্রোনটিকে মিশরের আকাশসীমায় থাকা অবস্থায় ধ্বংস করে দেওয়া হয়, সেটির ধ্বংসাবশেষ মরু শহর নুইবায় পড়ে। মিশরীর এ শহরটি থেকে ইসরায়েলের সীমান্ত ৭০ কিলোমিটার দূরে।  

Image

ছবি: রয়টার্স

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, ‘লোহিত সাগর অঞ্চলে আকাশ (হামলার) হুমকি শনাক্তের পর’ যুদ্ধ হেলিকপ্টারগুলো সেদিকে ছুটে গিয়েছিল।

তিনি বলেছেন, “আমরা যা বুঝেছি, মিশরে হওয়া হামলাটিই হুমকির উৎস ছিল।”

পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোনগুলোর জন্য হুতিদের দায়ী করে।  

মিশরের সিনাই উপদ্বীপের জনপ্রিয় পর্যটন গন্তব্য তাবা ও নুইবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন ও ধোঁয়া উড়তে দেখেছেন, পাশাপাশি মিশরের যুদ্ধবিমানগুলোকে আকাশে চক্কর কাটতে দেখেছেন।  

মিশরের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনী কৌশলগত সব দিকে মিশরের আকাশসীমা সুরক্ষিত করার জন্য উদ্যোগ জোরদার করা শুরু করেছে। 

ইসরায়েলের মুখপাত্র বলেছেন, “লোহিত সাগর অঞ্চল থেকে আসা হুমকির বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরক্ষা জোরদার করার জন্য ইসরায়েল মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, লোহিত সাগরে থাকা তাদের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়ে ধ্বংস করেছে, সেটি সম্ভবত ইসরায়েলে উদ্দেশ্যে ছোড়া হয়েছিল।