টোকিও, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন পুনঃস্থাপিত হয়েছে। এর ফলে একটি চুল্লিতে শিগগিরই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
কয়েকবারের চেষ্টায় শনিবার প্রকৌশলীরা এ সংযোগ পুনঃস্থাপনে সফল হন।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, বাইরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে রিসিভিং পয়েন্টের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছ। এর ফলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যেতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, সংযোগ স্থাপনের ফলে প্রথমে ফুকুশিমার দুই নম্বর চুল্লিতে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে। এরপর তারা পানির পাম্পগুলো সচল আছে কি না তা পরীক্ষা করে দেখবেন।
দেশটির পরমাণু নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র এলাকার ২০ কিলোমিটারের মধ্যে অবস্থানরত ৩০০ জনের মতো প্রকৌশলী কেন্দ্রের ছয় নম্বর চুল্লিতে থাকা একটি ডিজেল পাম্প পেয়েছেন যেটি কাজে লাগিয়ে পাঁচ নম্বর চুল্লি শীতল করার জন্য পানি সরবরাহ করা সম্ভব।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফোকাল পয়েন্ট কনসাল্টিং গ্র"পের পরমাণু বিদ্যুৎ বিশেষজ্ঞ এরিক মোর বলেন, প্রকৌশলীরা চুল্লির শীতলীকরণ যন্ত্রগুলো সচল করতে পারলে তা হবে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে তারা ব্যর্থ হলে বালি ও কংক্রিট দিয়ে ওই চুল্লিকে চাপা দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। রাশিয়ার চেরানোবিলে দুর্ঘটনার পরও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিলো।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, পরমাণু কেন্দ্র এলাকা থেকে সরিয়ে নেওয়া মানুষের দেহে আয়োডিন দেওয়ার সুপারিশ অনুমোদন করেছে জাপানি কর্তৃপক্ষ।
তেজস্ক্রিয়তাজনিত ক্যান্সার প্রতিরোধে আইএইএ গত ১৬ মার্চ আয়োডিন দেওয়ার এই আহ্বান জানিয়েছিলো।
গত সপ্তাহে ভূমিকম্পের পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে তিনটিতে বিস্ফোরণ এবং একটিতে আগুন লেগে যায়। এরপর থেকেই হেলিকপ্টারে করে জলাধারে পানি ঢালা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৫১ ঘ.
bdnews24