২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোর তৎপরতার মধ্যেও উদ্বেগ, বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

জাপানে পারমাণবিক বিপর্যয় এড়াতে চুল্লিগুলো ঠান্ডা রাখার আপ্রাণ চেষ্টার মধ্যেও তেজস্ক্রিয়া ছড়ানো নিয়ে উদ্বেগ কাটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

টোকিও, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানে পারমাণবিক বিপর্যয় এড়াতে চুল্লিগুলো ঠান্ডা রাখার আপ্রাণ চেষ্টার মধ্যেও তেজস্ক্রিয়া ছড়ানো নিয়ে উদ্বেগ কাটেনি। উদ্বিগ্ন মার্কিন নাগরিকদের জাপান থেকে সরিয়ে নিতে বিমান পাঠানো হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানে চূড়ান্ত পারমাণবিক বিপর্যয় রোধে সেনাবাহিনী হেলিকপ্টার থেকে পরমাণু চুল্লিতে টন টন পানি ফেলছে। হেলিকপ্টার, অগ্নিনির্বাপক ট্রাক এমনকি জলকামান ব্যবহার করে পানি ছিটানো হচ্ছে ফুকুশিমা পরমাণু কেন্দ্রে। জাপানের সেনাবাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৪৮ থেকে সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার থেকে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ও ৪ নম্বর পরমাণু চুল্লিতে পানি ছিটানো শুরু করে। বুধবার উচ্চ মাত্রার তেজস্ক্রিয়া নির্গমণের কারণে হেলিকপ্টার থেকে পানি ছিটানোর এ কাজ বন্ধ করা হয়েছিলো। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটর কমিশনের (এনআরসি) প্রধান গ্রেগোরি জায়েজকো বলেছেন, ৪ নম্বর চুল্লির শীতলীকরণ প্রকোষ্ঠ পানিশূন্য হয়ে পড়তে পারে এবং অন্য একটি ছিদ্র হয়ে সেখান থেকে পানি পড়ছে। তিনি বলেন, "৪ নম্বর চুল্লির শীতলীকরণ প্রকোষ্ঠে কোনো পানি নেই এবং আমাদের ধারণা, তেজস্ক্রিয়া নির্গমণের মাত্রা অনেক বেশি। এতে পরমাণু বিপর্যয় ঠেকানোর চেষ্টা ব্যাহত হতে পারে।" "এতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত কর্মীদের চুল্লিগুলোর কাছাকাছি যাওয়া খুব কঠিন হয়ে পড়বে।", বলেন তিনি। পানি ঢেলে চুল্লির রডগুলো ঢাকা গেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না জাপানের পরমাণু সংস্থা। তবে পরমাণু কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন বলছে, চার নম্বর চুল্লির শীতলীকরণ প্রকোষ্ঠে এখনো পানি রয়েছে বলে তারা মনে করেন। তাদের কাছে সবচেয়ে গুরুত্বের ৩ নম্বর চুল্লি। কারণ এ চুল্লিতে পরমাণু জ্বালানি হিসেবে ইউরেনিয়ামের সঙ্গে প্লুটোনিয়ামও রয়েছে। চুল্লিটিতে বৃহস্পতিবার সকালেই ৩০টন পানি ঢালা হয়েছে বলে জানায় টেপকো। জাতিসংঘের প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক ইউকিয়া আমানো বলেছেন, জাপানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে-এখনই তা বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, জাপানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ফ্লাইট চালু করা হচ্ছে এবং দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যরা চাইলে জাপান ছাড়তে পারেন। যুক্তরাষ্ট্রের টোকিও দূতাবাস বৃহস্পতিবার ফুকুশিমা পরমাণু কেন্দ্র সংলগ্ন এলাকার ৮০ কিলোমিটারের মধ্যে অবস্থানকারী মার্কিন নাগরিকদের এলাকা ছাড়ার বা ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই এলাকা ছাড়ার বিষয়টি বিবেচনার জন্য ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছে। জাপানে অবস্থানরত নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। টোকিও দূতাবাসের কর্মীদের পরিবার-পরিজনকে শুক্রবার উদ্ধার করা হবে-বলেছে রাশিয়া। বৃহস্পতিবার টোকিওতে ধরা পড়া তেজস্ক্রিয়ার মাত্রা দাঁড়িয়েছে মানুষের দাতের এক্স-রে করানোর সময় যে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে তার দশ ভাগের এক ভাগ। তারপরেও আতঙ্কিত টোকিওবাসী তেমন ঘরের বাইরে বেরোচ্ছে না। রয়টার্স জানিয়েছে, অনেক অফিস আদালত ও দোকান-পাট বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আতঙ্ক পেয়ে বসেছে শুক্রবারের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে বেঁচে যাওয়াদের। শুক্রবারের ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৫ হাজার ১৭৮ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে এবং ৮ হাজার ৬০৬ জন এখনো নিখোঁজ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এলকিউ/২০২৬ ঘ.