বয়স্ক ও শিশু পরিচর্যার জন্য সহায়তা আরও জোরদার করবে চীন
জন্মহারের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।
দ্রুত বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাসের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে চীন ২০৩০ সালের মধ্যে বয়স্ক ও শিশুদের সেবাকেন্দ্রগুলোর মানোন্নয়নে নতুন পদক্ষেপ নিচ্ছে।
সোমবার জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সরকারি রূপরেখায় এমনটি দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং স্বাস্থ্য, শিক্ষা ও বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় তৈরি করা এই পরিকল্পনা অনুসারে, কর্তৃপক্ষ ‘জনগণের চাহিদার সঙ্গে বয়স্ক ও শিশু পরিচর্যা পরিষেবার সরবরাহকে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ করতে" অবকাঠামোগত বিনিয়োগ এবং সেবার মান, উভয়ই বৃদ্ধি করবে।
পরিকল্পনার নথিতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বয়স্ক সেবাকেন্দ্রগুলোর মোট শয্যার ৭৩ শতাংশ হবে নার্সিং কেয়ার শয্যা, বয়স্কদের জন্য কমিউনিটি সেবাকেন্দ্রের আওতা ৭০ শতাংশে পৌঁছাবে এবং প্রায় ২০০০টি পুরনো সরকারি নার্সিং হোম সংস্কার করা হবে।
শিশু পরিচর্যার সক্ষমতা বাড়াতে কর্তৃপক্ষ দেশের সকল বিভাগীয় স্তরের শহরে শিশু পরিচর্যা সেবাকেন্দ্র সম্প্রসারণ এবং ২০২৫ সালের তুলনায় ৩ বছরের কম বয়সী শিশুদের ভর্তির হার ৬ শতাংশ পয়েন্ট বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এই পরিকল্পনায় ২ থেকে ৩ বছর বয়সী শিশুদের জন্য ক্লাস চালুর লক্ষ্যে কিন্ডারগার্টেনগুলো সংস্কার বা সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে এবং নিয়োগকর্তাদের নিজস্ব প্রাঙ্গণে কর্মক্ষেত্রভিত্তিক শিশু পরিচর্যা কেন্দ্র (ডে-কেয়ার) চালুর জন্য উৎসাহিত করা হবে। কেন্দ্রীয় বাজেট তহবিল, স্থানীয় সরকারের বিশেষ বন্ড এবং বাণিজ্যিক ঋণের মাধ্যমে এই প্রকল্পগুলোতে অর্থায়ন করা হবে। পাশাপাশি প্রতারণা রোধে নার্সিং হোমের অগ্রিম ফির ওপর কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনা কর্তৃপক্ষ বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহিত করতে পারিবারিক ভর্তুকি, শিশু পরিচর্যা সহায়তা এবং সন্তান প্রসবসংক্রান্ত চিকিৎসা ব্যয় হ্রাসসহ নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও জন্মহার হ্রাস অব্যাহত আছে।
জন্মহারের রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে আর জনসংখ্যা তত্ত্ববিদরা ২০২৬ সালেও একই ধরনের প্রবণতার বিষয়ে সতর্ক করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রথমবারের মতো চীনের বয়স্ক নির্ভরতার অনুপাত শিশু নির্ভরতার অনুপাতকে ছাড়িয়ে গেছে; যার অর্থ হলো দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীকে এখন শিশুদের তুলনায় বয়স্ক মানুষের ভরণপোষণ বেশি করতে হচ্ছে।
