২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বেসামরিক অর্থনীতিবিদকে প্রতিরক্ষামন্ত্রী বানালেন পুতিন

দীর্ঘ দিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মিত্র সের্গেই শোইগুকে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সচিব বানাতে চান পুতিন।

বেসামরিক অর্থনীতিবিদকে প্রতিরক্ষামন্ত্রী বানালেন পুতিন
রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী অর্থনীতি বিশেষজ্ঞ, সাবেক উপপ্রধানমন্ত্রী আন্দ্রি বেলুসোভ (৬৫) । ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:51 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিনে মিত্র সের্গেই শোইগুকে সরিয়ে একজন বেসামরিক অর্থনীতিবিদকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। 

অর্থনীতির বিশেষজ্ঞ, সাবেক উপপ্রধানমন্ত্রী আন্দ্রি বেলুসোভকে (৬৫) এ পদের জন্য প্রস্তাব করে পুতিন প্রতিরক্ষা বাজেটের আরও সার্থক ব্যবহারের মধ্যে দিয়ে অর্থনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধ দুই বছরেরও বেশি সময় ধরে চলছে। এই যুদ্ধে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

শোইগু (৬৮) ২০১২ সাল থেকে টানা ১২ বছর ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলেছেন। পুতিন এই দীর্ঘ দিনের বন্ধু ও মিত্রকে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের সচিব বানাতে চান, পাশাপাশি তাকে সামরিক-শিল্প কমপ্লেক্সের দায়িত্বও দিতে চান বলে জানিয়েছে ক্রেমলিন।   

নিরাপত্তা কাউন্সিলের বর্তমান সচিব নিকোলাই পাত্রুশেভকে নতুন একটি পদে নিয়োগ দেওয়া হবে, কিন্তু তা এখনও ঘোষণা করা হয়নি। 

রয়টার্স বলছে, পুতিনের এসব পরিবর্তন রাশিয়ার পার্লামেন্ট নিশ্চিতভাবেই অনুমোদন করবে। প্রতিবেশী ইউক্রেইনে হাজার হাজার সেনা পাঠানোর পর থেকে সামরিক কমান্ডে এটিই পুতিনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন।  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দীর্ঘদিনে মিত্র সের্গেই শোইগু। ছবি: রয়টার্স 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দীর্ঘদিনে মিত্র সের্গেই শোইগু

সাবেক অর্থমন্ত্রী বেলুসোভ পুতিনের বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফের রাশিয়াকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পুতিনের আকাঙ্খার অংশীদার তিনি। বেলুসোভ পুতিনের শীর্ষ টেকনোক্রাটদের সঙ্গেও কাজ করেছেন যারা আরও বৃহত্তর উদ্ভাবন ও নতুন ধারণার সমাঝদার। 

রাশিয়ার ড্রোন কর্মসূচীতেও বেলুসোভের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শোইগু যে নতুন পদে নিয়োগ পেয়েছেন তা তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকার চেয়েও উচ্চ পদ বলে বিবেচনা করা হয়।    

২০২২ সালে ইউক্রেইনের কয়েকটি যুদ্ধক্ষেত্র থেকে রুশ বাহিনী পিছিয়ে আসার পর রাশিয়ার সামরিক ব্লগাররা শোইগুর তীব্র সমালোচনা করেছিল। রাশিয়া ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন শোইগুর অন্যতম কঠোর সমালোচক ছিলেন। গত বছর শোইগুকে পদ থেকে সরানোর দাবিতে তিনি তার বাহিনী নিয়ে বিদ্রোহী করে সশস্ত্র অবস্থায় মস্কোর পথে রওনা হয়েছিলেন, কিন্তু পরে বিদ্রোহ থেকে সরে এসেছিলেন। 

এর কয়েক মাস পর প্রিগোজিন মস্কোর অদূরে এক বিমান দুর্ঘটনায় নিহত হন। 

আরও পড়ুন: 

রাশিয়ার অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেইনের হামলায় নিহত ১৫