২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

রাশিয়ার হয়ে যুদ্ধে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬: ভারত

রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে রাশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

রাশিয়ার হয়ে যুদ্ধে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬: ভারত
ছবি: রযটার্স

রয়টার্স

Published : 18 Jan 2025, 09:15 PM

Updated : 01 Sep 2026, 11:22 AM

এক নজরে

রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে রাশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

রাশিয়ার হয়ে ইউক্রেইন যুদ্ধে লড়াই করে এ পর্যন্ত অন্তত ১২ জন ভারতীয় নিহত হয়েছে। খোঁজ পাওয়া যাচ্ছে না আরও ১৬ জন ভারতীয়র। শুক্রবার এ পরিসংখ্যান দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘রুশ সেনাবাহিনীতে নিয়োজিত ১২৬ জন ভারতীয়ের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। তাদের মধ্যে ৯৬ জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন নিখোঁজ।’’

রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রণালয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

ভারতীয় পত্রিকার খবরে বলা হয়েছে, কয়েকদিন আগেই রুশ সেনাবাহিনীতে কাজ করা বিনিল বাবু নামে কেরালার এক বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

পেশায় বিদ্যুৎমিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান। বিনিল এবং তার এক বন্ধু রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। পরে তারা জানতে পারেন, সেখানে তাদেরকে কাজ করতে হবে রুশ সেনাবাহিনীর হয়ে।

বিনিলের পরিবারের দাবি, তাদের ছেলে এবং তার বন্ধু ড্রোন হামলায় আহত হন। পরে বিনিলের মৃত্যু হয়। পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিনিলের দেহ দ্রুত ভারতে ফেরাতে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি।

ভারত গতবছরেই বড় ধরনের একটি মানব পাচার নেটওয়ার্কের সন্ধান পাওয়ার কথা জানিয়ে বলেছিল, এই চক্র তরুণদেরকে রাশিয়ায় কাজ দেওয়ার টোপ দিয়ে নিয়ে গিয়ে ইউক্রেইন যুদ্ধে লড়তে বাধ্য করছে।

রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে এসেছিল গতবছরের শুরুর দিকেই। চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিল প্রায় শতাধিক ভারতীয়।

রুশ সেনাবাহিনীতে ভারতীদের উপস্থিতি বিষয়ে গত বছর জুলাইয়ে রাশিয়া সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় নাগরিকদের ছেড়ে দিতে পুতিনকে অনুরোধ করেন তিনি। তার পর থেকে রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের ছেড়ে দিতে শুরু করে রাশিয়া। কিন্তু তারপরও কিছু ভারতীয় রুশ সেনাবাহিনীতে রয়ে গেছে।