ইরান নিয়ে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র
“যদি ইরান বা তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মী ও স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত ও কঠোর পদক্ষেপ নেবে,” বলেছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছেন বলে জানিয়েছে পেন্টাগন।
ইয়েমেনে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান মার্কিন বোমা হামলা এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার তারা এই কথা জানায়।
তবে তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে মধ্যপ্রাচ্যে কোন ধরনের বিমান মোতায়েন করা হয়েছে কিংবা সেগুলো কোথায় পাঠানো হয়েছে, তা বলা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে ছয়টি বি-২ বোমারু বিমান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় পাঠানো হয়েছে।
এই বি-২ বিমানগুলো স্টেলথ প্রযুক্তিসম্পন্ন এবং ভারি বোমা ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা মধ্যপ্রাচ্যে অভিযান পরিচালনার জন্য যথোপযুক্ত, বলছেন বিশ্লেষকরা।
“যদি ইরান বা তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মী ও স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র দ্রুত ও কঠোর পদক্ষেপ নেবে,” বিবৃতিতে এমনটাই বলেছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল।
দিয়েগো গার্সিয়ায় কয়টি বি-২ বিমান পৌঁছেছে তা জানাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড। উল্টো বলেছে, বি-২ বিমান সংশ্লিষ্ট মহড়া বা অভিযান নিয়ে তারা কোনো মন্তব্য করে না।
মধ্যপ্রাচ্যে এখনই যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি বিদ্যমান; শিগগিরই সেখানকার মার্কিন বাহিনী দুটি বিমানবাহী রণতরীও পাচ্ছে।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সমঝোতায় না আসে, তাহলে দেশটির ওপর বোমা হামলা এবং আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
রয়টার্স জানিয়েছে, বি-২ বিমানগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা—৩০ হাজার পাউন্ড ওজনের জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বহনে সক্ষম; এই বোমাগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহৃত হতে পারে বলে অনুমান অনেক পশ্চিমা বিশ্লেষকের।
মার্কিন বিমান বাহিনীর বহরে মাত্র ২০টি বি-২ বোমারু বিমান রয়েছে, তাই এগুলো সাধারণত সংরক্ষিত অবস্থায় রাখা হয় এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি তার হুমকি বাস্তবায়ন করতে চান, তাহলে যুক্তরাষ্ট্রকেও পাল্টা পরিণতি ভোগ করতে হবে।
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর অ্যারোস্পেস কমান্ডার আমিরালি হাজিজাদেহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে থাকা মার্কিন বাহিনীকে হুমকি দিয়ে বলেছেন, “তারা কাচের ঘরে থাকে, সেখানে ঢিল ছোড়া উচিত হবে না।”
যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিছু বিমান প্রতিরক্ষা সরঞ্জামও এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে বলে দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
