ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও ৫১ জন নিহত
ফিলিস্তিনের স্বাস্থ্য উপমন্ত্রী জানিয়েছেন, সবশেষ ইসরাইলি বিমান হামলায় নিহতদের নিয়ে গাজায় মৃতের সংখ্যা ১২০০ হয়েছে
হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই হামলায় নতুন করে আহত হয়েছে ২৮১ জন।
গাজার জেইতুন, সাবরা, আল-নাফাক ও তেল আল-হাওয়া আবাসিক এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য উপমন্ত্রী ইউসেফ আবু আল-রিশ বলেছেন, ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে।
তিনি অভিযোগ করেছেন, সর্বোচ্চ ধ্বংসাত্মক মনোভাব নিয়ে নেমেছে ইসরায়েল, এজন্যই আবাসিক এলাকাগুলো পুরোপুরি মিশিয়ে দিচ্ছে।
সবশেষ ইসরাইলি বিমান হামলায় নিহতদের নিয়ে গাজায় মৃতের সংখ্যা ১২০০ হয়েছে বলে জানিয়েছেন আবু আল-রিশ।
এছাড়া আক্রমণ শুরুর পর ইসরায়েল বিদ্যুৎ, জ্বালানি এবং পানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় ঘনবসিতপূর্ণ গাজা ‘মানবিক বিপর্যয়ের মুখে’ রয়েছে বলেও জানান তিনি।
ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনের এই মন্ত্রী বলেছেন, গাজার ছয় লাখ অধিবাসী এখন পানি পাচ্ছে না, হাসপাতালগুলোতেও পানি মিলছে না।
গত শনিবার ইসরায়েলে হামাসের আকস্মিক বড় ধরনের হামলার পরপরই গাজায় পাল্টা প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে ইহুদী দেশটি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলে এরপর থেকে ক্রমাগত বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। আকাশপথের পর স্থলপথেও হামলার জন্য প্রস্তুতি শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
এই আক্রমণের মধ্যে দিয়ে গাজার চিত্র পুরোপুরি পাল্টে ফেলার হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজা আগে যেমন ছিল, তেমনটা আর থাকবে না।
