২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সাগরে নৌকা উল্টে নিখোঁজ ১১

নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ১০ জন স্থানীয় সরকারি কর্মকর্তা। সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাগরে নৌকা উল্টে নিখোঁজ ১১
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে একটি ফেরিডুবির পর চালানো উদ্ধার তৎপরতা। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 10:06 AM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেনতাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রীবাহী একটি নৌকা উল্টে ১১ জন নিখোঁজ হয়েছেন। 

সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থা মঙ্গলবার জানিয়েছে; খবর রয়টার্সের।  

নৌকাটিতে ১৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের মধ্যে ১০ জন ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা।

নৌকাটি মেনতাওয়াই দ্বীপপুঞ্জের ছোট শহর সিকাকাপ থেকে আরেক ছোট শহর তুয়াপেজাতের উদ্দেশে রওনা হয়েছিল। পথে উত্তাল সাগরে সেটি উল্টে যায়। 

মঙ্গলবার দুটি নৌকা ও কয়েক ডজন উদ্ধারকর্মীকে নিখোঁজদের সন্ধানে মোতায়েন করা হয়েছে। 

১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় পরিবহনের একটি নিয়মিত মাধ্যম নৌকা ও ফেরি। এখানে খারাপ আবহাওয়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের মতো নৌযানের নিরাপত্তা মানের শিথিলতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।  

চলতি মাসের প্রথমদিকে বালি দ্বীপের উপকূলে একটি ফেরি ডুবে ৬৫ আরোহীর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়। ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ১৭ জন এখনও নিখোঁজ।