Published : 20 Sep 2026, 12:50 AM
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর উপলক্ষে আগামী সপ্তাহে একটি রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যেখানে প্রযুক্তি খাতের বেশ কয়েকজন শীর্ষ নেতাও থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এ তালিকায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এবং অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুকের মতো ব্যক্তির নাম থাকার খবর এসেছে সংবাদমাধ্যমে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংও থাকবেন বলে ফক্স নিউজের খবরে বলা হয়েছে।
ট্রাম্প-শির রাষ্ট্রীয় নৈশভোজে প্রযুক্তি খাতের নেতাদের সম্ভাব্য উপস্থিতির খবরটি এমন সময় এলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন, এর পরিচালনা ও চিপ নিয়ে বিশ্বরাজনীতিতে বেশ উত্তেজনা চলছে।
এসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন এমন প্রতিযোগিতায় নেমেছে, যেখানে দুই পরাশক্তিই আরও উন্নত এআই প্রযুক্তি উদ্ভাবন করতে চাইছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যেসব চিপ রয়েছে, সেগুলোতে চীনের প্রবেশাধিকার সীমিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে চীনে এনভিডিয়ার তৈরি চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হুয়াং এ ধরনের নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছেন।
গত মে মাসে তিনি এ কথাও বলেন যে, মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও চীনের কাছে প্রয়োজনীয় ‘সব চিপই’ আছে।
প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো মার্কিন কোম্পানিগুলো ‘ফ্রন্টিয়ার মডেল’ ব্যবহার করে আসছে।
এসব মডেল লাইসেন্স ছাড়া এগুলো ব্যবহারের সুযোগ নেই। অন্যদিকে, চীনের প্রযুক্তি কোম্পানিগুলো ফ্রন্টিয়ার মডেলের সঙ্গে তাল মেলাতে ‘ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করছে।
এ পদ্ধতিতে মূলত উন্মুক্ত মডেলের জ্ঞান ও সক্ষমতা কাজে লাগিয়ে শক্তিশালী এই মডেল তৈরি করা হয়।
মানুষের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তা নিয়ে অল্টম্যান ও প্রযুক্তি খাতের নেতারা আলোচনা চালিয়ে আসছেন।
সম্প্রতি হুয়াং সাংবাদিকদের বলেন, “নিরাপদভাবে প্রযুক্তি উদ্ভাবন করা এবং এর যথাযথ পরীক্ষা চালানোর দায়িত্ব এআই কোম্পানিগুলোর ওপরেই পড়ে। কোনো প্রযুক্তি প্রস্তুত না হলে সেটি প্রকাশ করা ঠিক না। নিজের সাধ্যের গতিতে এগোতে হবে, তার চেয়ে বেশি গতিতে নয়।”
বিদেশি কোনো নেতাকে সর্বোচ্চ পর্যায়ের যেসব কূটনৈতিক সম্মান দেওয়া হয়, রাষ্ট্রীয় নৈশভোজ তার একটি।
গত মে মাসে চীন সফরের সময় ট্রাম্পের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করেছিলেন শি। ওই অনুষ্ঠানেও ইলন মাস্ক, হুয়াং ও কুক উপস্থিত ছিলেন। তখন কুক ছিলেন অ্যাপলের সিইও পদে। সম্প্রতি তিনি কোম্পানিটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে ট্রাম্পের আয়োজনে দ্বিতীয় রাষ্ট্রীয় নৈশভোজ। এর আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সফর উপলক্ষে তিনি প্রথম রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন।
প্রথম মেয়াদে ২০১৮ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ আয়োজন করেছিলেন ট্রাম্প।