রাফায় ইসরায়েলের হামলার পর সাধারণ মানুষদের সুরক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের
ইসরায়েলকে অস্ত্রের চালান না পাঠাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে থাকার সময়ে যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল।
গাজার রাফায় বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সাধারণ মানুষদের সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।
ইসরায়েলকে অস্ত্রের চালান না পাঠাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে থাকার সময়ে যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেছেন, “ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের আছে। বিমান হামলায় হামাসের দুজন জ্যেষ্ঠ সন্ত্রাসী নিহত হয়েছেন সেটাও আমরা বুঝতে পেরেছি। ইসরায়েলে সাধারণ মানুষদের ওপর হামলার জন্য এই সন্ত্রাসীরা দায়ী ছিলেন।”
“তবে আমাদের বার্তা সুস্পষ্ট, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব সতর্কতামূলক পদক্ষেপ ইসরায়েলকে নিতে হবে।”
ইসরায়েলকে সমর্থন করা থেকে পিছু হটতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে আছেন। এমনকী গত রোববার রাতে গাজার রাফায় একটি আশ্রয়শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহতের ঘটনার আগে থেকেই এ চাপ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলের বিশিষ্ট আইনপ্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সোমবার স্যেশাল মিডিয়ায় এক পোস্টে বলেছেন, ইসরায়েলের ওই বিমান হামলা ছিল ‘অমার্জনীয় নৃশংসতা’। ইসরায়েলকে দেওয়া পুরোনো প্রতিশ্রুতি ও সামরিক সহায়তা স্থগিত করার জন্য বাইডেনকে আহ্বান জানান তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘জাতিগত হত্যায় উন্মত্ত’ বলে সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-মার্কিন সদস্য রাশিদা তালিব।
ইসরায়েল রাফার পূর্বাঞ্চলে দু’সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে। এর মধ্যে রোববার রাতে রাফার আশ্রয়শিবিরে ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) মঙ্গলবার বলেছে, গত তিন সপ্তাহে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে রাফা থেকে পালিয়ে গেছে প্রায় ১০ লাখ মানুষ।
