১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বালি উপকূলে ফেরি ডুবে ৪ মৃত্যু, নিখোঁজ বহু

নৌযানটিতে মোট ৬৫ জন ছিলেন।

বালি উপকূলে ফেরি ডুবে ৪ মৃত্যু, নিখোঁজ বহু
দুর্ঘটনা কবলিত ফেরিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন কর্মী ছিলেন। ছবি: বালি অনুসন্ধান ও উদ্ধার সংস্থা

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি উপকূলে একটি ফেরি ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। উদ্ধরকারীরা বলছেন, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

বিবিসি লিখেছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেরিটি ডুবে যায়। জাভা দ্বীপের পূর্ব উপকূলের বানিউয়াংগি থেকে নৌযানটি বালির উদ্দেশে যাচ্ছিল। ফেরিটিতে ৫৩ জন যাত্রী এবং ১২ জন কর্মী ছিলেন বলে জানিয়েছে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সুরাবায়া অফিস।

বৃহস্পতিবার ভোরে একটি লাইফবোটে চারজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অন্যদের খোঁজে তল্লাশি চলছে।

সংবাদ সংস্থা আন্তারা প্রকাশিত ছবিতে দেখা যায়, সড়কের পাশে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করছেন।

ফেরি ডুবে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ফেরি অপারেটর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ডোবার ঠিক আগে নৌযানটি থেকে ইঞ্জিনে সমস্যার কথা জানানো হয়েছিল।

জাভা ও বালি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য স্থানীয়দের মধ্যে এই রুটটি জনপ্রিয়।

উদ্ধার হওয়া চারজনই বানিউয়াংগির বাসিন্দা বলে জানিয়েছে সুরাবায়া উদ্ধারকারী দল।

ইন্দোনেশিয়ায় নৌদুর্ঘটনা নিয়মিত ঘটনা। প্রায় ১৭ হাজার দ্বীপের এই বিশাল দ্বীপপুঞ্জে নিরাপত্তা বিধি কার্যকরভাবে মানা হয় না।

এর আগে গত মার্চে বালি উপকূলে একটি নৌকা উল্টে এক অস্ট্রেলিয়ান নারীর মৃত্যু হয়, নৌকাটিতে ১৬ জন ছিলেন।