পাপুয়া নিউ গিনিতে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পুলিশ
তাকে অপহরণ বা জিম্মি করে রাখা হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউ গিনিতে এক বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে পেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে দেশটির পুলিশ।
প্রবাসী এ বাংলাদেশির নাম পারভেজ মো. আবু নাঈম (৩৭)। দেশটির মূলধারার সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন পারভেজ। তবে সহকর্মী কিংবা কর্মস্থল কর্তৃপক্ষকে তিনি কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি।
ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট (এনসিডি) ও সেন্ট্রাল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার বেঞ্জামিন তুরি জানান, পারভেজের নিখোঁজ হওয়ার বিষয়ে রাজধানীর বোরোকো পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি বলেন, পারভেজের কর্মস্থল কর্তৃপক্ষ তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে কিংবা দেশের কোথাও জিম্মি করে রাখা হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বিমানযাত্রীদের তথ্য যাচাই করে দেখা গেছে, নিখোঁজ হওয়ার দিন বিকেলে পারভেজ দেশটির লায়ে শহরে গিয়েছিলেন। এ ঘটনায় পাপুয়া নিউ গিনির অভিবাসন বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হয়েছে।
পুলিশের ধারণা, পারভেজ দেশটির হাইল্যান্ডস অঞ্চল অথবা মাদাংয়ে গিয়ে থাকতে পারেন। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আশপাশের থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার বেঞ্জামিন তুরি।
এদিকে পারভেজের কর্মস্থল কর্তৃপক্ষও তার সন্ধান পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে। তাকে খুঁজে বের করে নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে থাকা তার পরিবারের কাছে খবর পৌঁছে দিতে চায় তারা।
পারভেজের বিষয়ে কোনো তথ্য থাকলে পাপুয়া নিউ গিনির পুলিশের হটলাইন ১৮০০১০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
