১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি জাতীয়তাবাদের উৎসবিন্দু ৭ নভেম্বর: উপদেষ্টা স্বপন

“সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 04:28 PM

Updated : 15 Nov 2026, 04:28 PM

সাত নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বপন বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

“সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।”

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক, সংসদ সদস্য নওশাদ জমির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা, জাতিসংঘে বাংলাদেশে স্থায়ী মিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স সঞ্চিতা হক।