কৃষি উন্নয়নের আলোচনার মূলে কৃষককে রাখতে হবে: উপদেষ্টা স্বপন
“মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে যেভাবে কথা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না,” বলেন তিনি।
বাজার শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তিসহ কৃষি খাতের উন্নয়নের যেকোনো আলোচনার মূলে কৃষককে রাখার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, “আধুনিক কৃষি ব্যবসার চেইনে বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে যেভাবে কথা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না।
“আমাদের দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনও কৃষির ওপর নির্ভরশীল। অথচ সমাজে কৃষি পেশাকে এখনো অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের এই স্ট্র্যাটেজিক বা কৌশলগত মূল্য না দিলে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।”
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষিতে প্রযুক্তির সুবিধা কৃষক পর্যন্ত পৌঁছানোর ওপর জোর দিয়েছেন জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, “কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্প পরিচালক ক্রিস্টিনা ওলসেন সেমিনারে কথা বলেন।
