প্রতিস্থাপন করা শূকরের কিডনি নিয়ে এক বছর পার মার্কিন নারীর
কোনো মানুষের শরীরে অন্য প্রাণীর কিডনি নিয়ে দীর্ঘতম সময় বেঁচে থাকার নতুন রেকর্ড গড়েছেন তিনি।
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে বেঁচে থাকার এক বছর পূর্ণ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ৫৮ বছর বয়সী এক নারী। এর মাধ্যমে কোনো মানুষের শরীরে অন্য প্রাণীর কিডনি নিয়ে দীর্ঘতম সময় বেঁচে থাকার নতুন রেকর্ড গড়লেন তিনি।
মলি ফ্যালকো নামের এই নারী ২০২৫ সালের নভেম্বরে বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চতুর্থ ব্যক্তি হিসেবে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, তার এই এক বছরের মাইলফলক ভিন্ন প্রজাতির অঙ্গ প্রতিস্থাপনের সম্ভাবনাকে জোরালোভাবে তুলে ধরেছে, যা দান করা কিডনির তীব্র সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।
সংবাদমাধ্যম ডব্লিউএমইউআর ফ্যালকোর উদ্ধৃতি দিয়ে জানায়, "পুরো বিষয়টি এখনো আমার কাছে ঠিক বিশ্বাস হচ্ছে না। এটি যেমন সম্মানের, তেমনি বিজ্ঞানের জন্যও অত্যন্ত দারুণ এবং রোমাঞ্চকর একটি বিষয়।"
চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক, তবে এখনই চূড়ান্ত বিজয় নয়
মানুষের শরীরের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার জন্য ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে চিকিৎসকেরা শূকরের কিডনিটির জিনগত পরিবর্তন করেছিলেন।
বিশেষজ্ঞরা মনে করেন, ফ্যালকোর এই এক বছর পূর্ণ করা বিজ্ঞানের জন্য একটি বড় সুখবর, যা এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দেয় যেখানে মানব রোগীদের জন্য জিনগতভাবে পরিবর্তিত প্রাণীর কিডনি ব্যবহার করা সম্ভব হবে।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ব্রিগ্যাম ট্রান্সপ্লান্ট সেন্টারের কিডনি প্রতিস্থাপন গবেষণা বিভাগের পরিচালক ড. লিওনার্দো রিয়েলা বলেন, "এটি আমাদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস জোগাচ্ছে যে এমনটি বাস্তবায়নযোগ্য, এই কিডনিগুলো কাজ করতে পারে।"
তবে তিনি সতর্ক করে বলেন, "এখনই বিজয়োল্লাস করার সময় আসেনি।"
ফ্যালকো বর্তমানে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি গ্রহীতাদের মধ্যে দীর্ঘতম সময় ধরে বেঁচে থাকা ব্যক্তি। ড. রিয়েলা জানান, এই অঙ্গটি কেবল শরীরের বিষাক্ত পদার্থ পরিশোধন এবং মূত্র উৎপাদনই করছে না, বরং তরল ও খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখাসহ মানুষের কিডনির অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করছে।
চিকিৎসকদের আশা, মলি ফ্যালকো এই কিডনি নিয়ে আরও অন্তত এক বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।
২০২৪ সালে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ব্রিগ্যাম সেন্টার বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে 'জেনোট্রান্সপ্লান্টেশন' বলা হয়। ডব্লিউসিভিবির তথ্যমতে, প্রথম গ্রহীতা রিক স্লেম্যান অস্ত্রোপচারের পর ৫২ দিন বেঁচে ছিলেন এবং পরবর্তীতে হৃদরোগজনিত ভিন্ন এক জটিলতায় তার মৃত্যু হয়।
২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়, যা ২৭১ দিন পর্যন্ত সচল ছিল। পরবর্তীতে চিকিৎসকেরা সেটি সরিয়ে এক মৃত মানব দাতার কিডনি তার শরীরে প্রতিস্থাপন করেন।
পরীক্ষামূলক এই প্রতিস্থাপনের চতুর্থ রোগী ছিলেন ফ্যালকো। জন্মগত একটি শারীরিক জটিলতা নিয়ে বেড়ে ওঠা ফ্যালকোর বয়স যখন ৫০ এর কোঠায়, তখন তার কিডনি বিকল হতে শুরু করে। এক বছর ধরে তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়েছিল।
ফ্যালকো বলেন, "আমি যখন ডায়ালাইসিস শুরু করি, তখন আমার একমাত্র চাওয়া ছিল যত দ্রুত সম্ভব এই ডায়ালাইসিস থেকে মুক্তি পাওয়া।"
শূকরের কিডনি প্রতিস্থাপনের সুযোগটি তাকে নতুন আশার আলো দেখায়। তিনি বলেন, "সত্যি বলতে, আমি যেকোনো কিছু চেষ্টা করতে প্রস্তুত ছিলাম। আমার মধ্যে কোনো ভয়, স্নায়বিক চাপ বা অনুশোচনা ছিল না। ডাক্তার প্রশ্নটি পুরোপুরি শেষ করার আগেই আমি কার্যত হ্যাঁ বলে দিয়েছিলাম।"
প্রতিস্থাপনের এক বছর পর আজ ফ্যালকো ডায়ালাইসিসমুক্ত জীবনযাপন করছেন। যদিও তিনি খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন, তবুও মাঝেমধ্যে পরিবারের জন্য রান্না করার বা পুরনো বন্ধুদের সাথে দেখা করার মতো যথেষ্ট শক্তি পান।
ফ্যালকো বলেন, "এটি যে এখনো কাজ করছে, তা ভেবে আমি প্রতিদিনই অবাক হই। আমি যতদিন সম্ভব এটিকে সচল রাখার চেষ্টা করব, আর এটি যদি সারাজীবন টিকে থাকে, তবে তা হবে অবিশ্বাস্য এক ব্যাপার।"
