কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন
এ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোতে ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের ১৩৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করেছে।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টকে প্রতিস্থাপনের জন্য বিমান বাহিনীর ১১১ জন সদস্যকে নিয়ে বুধবার ঢাকা ছেড়েছে জাতিসংঘের ভাড়া করা একটি বিমান।
বাংলাদেশ বিমান বাহিনীর এ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ১ নভেম্বর বিমান বাহিনীর সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ব্রিফ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
