০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া শেষ

ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারে এ মহড়া সফলভাবে শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 11:43 PM

Updated : 05 Nov 2026, 11:43 PM

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ’ শেষ হয়েছে। গত ১ নভেম্বর এই মহড়া শুরু হয়।

আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারে এ মহড়া সফলভাবে শেষ হয়।

মহড়ার সমাপনী অনুষ্ঠানে এ দিন প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ সময় মার্কিন প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা, আকাশপথে মালামাল পরিবহন, বিমান ঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় করা হয়।

মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং পিএসিএফের ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।