নিউ জিল্যান্ডে হঠাৎ বন্যায় ২ মৃত্যু, নিখোঁজ ২
এ বন্যাকে স্মরণকালের ‘নজিরবিহীন ঘটনা’ বলে বর্ণনা করেছেন নিউ জিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
নিউ জিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে প্রবল বর্ষণে সৃষ্ট হঠাৎ প্লাবনে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং দুইজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবারের প্লাবনে নগরীটির উত্তরাংশ, উত্তরপশ্চিমাংশ এবং পশ্চিমাংশ ডুবে যায়, পরিস্থিতি নাজুক হয়ে উঠলে ১৬ লাখ বাসিন্দার শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শনিবার শেষ খবর পর্যন্ত জরুরি অবস্থা বজায় ছিল।
এ দিন শহরটির কর্তৃপক্ষ প্লাবনের কারণে বিভিন্ন স্থানে জমা হওয়া জঞ্জাল পরিষ্কার শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রায় এক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়া নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স হেলিকপ্টারে করে নগরীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর বন্যা কবলিত বাড়িগুলো পরিদর্শন করেছেন।
পরে এ বন্যাকে স্মরণকালের ‘নজিরবিহীন ঘটনা’ বলে বর্ণনা করে সাংবাদিকদের তিনি বলেন, “কিছু এলাকায় ধ্বংসের মাত্রা উল্লেখযোগ্য।”
অকল্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (সিটি কাউন্সিলের অংশ) বলেছে, ক্রান্তীয় অঞ্চল থেকে নেমে আসা উষ্ণ বায়ুর কারণে ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে, দিনের আলোতে ঝড়ে ক্ষয়ক্ষতির গোচর হচ্ছে।
সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এন্ড্রু ক্লার্ক শনিবার এক বিবৃতিতে বলেছেন, “শুক্রবার অকল্যান্ড কঠিন আঘাত পেয়েছে। অকল্যান্ডের রেকর্ডে এটি সবচেয়ে বৃষ্টিবহুল দিন ছিল। আজ আমরা পরিষ্কার করা শুরু করেছি।”
বৃষ্টি কমলেও রোববার ফের ভারি বৃষ্টি হতে পারে বলে দেশটির জাতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে।
অকল্যান্ডের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক টুইটে বলেছে, পশ্চিমাংশে ভারি বৃষ্টিসহ প্রায় পুরো অকল্যান্ডজুড়ে বৃষ্টি হয়েছে। জরুরি অবস্থার মধ্যে বাসিন্দাদের ‘সাবধানে’ থাকার জন্য সতর্ক করেছে তারা।
“আমরা এ থেকে এখনও মুক্ত হইনি। আগামীকাল ভারি বৃষ্টি ফিরে আসতে পারে,” লিখেছে তারা।
নিউ জিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বানের জলে এক ব্যক্তি ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে, তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অকল্যান্ডের ভেতরের দিকের এক আবাসিক এলাকায় ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ার পর আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
নগরীর বৃষ্টিপাতের আগের রেকর্ড ভেঙ্গে গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ থেকে শনিবার সকাল ৯ পর্যন্ত ২৪ ঘণ্টায় অকল্যান্ড বিমানবন্দর এলাকায় ২৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এর আগে ১৯৮৫ সালে ১৬১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
বন্যার কারণে ব্রিটিশ পপ তারকা এল্টন জনের কনসার্ট বাতিল করা হয়েছে। শুক্রবার ও শনিবার রাতে এসব কনসার্টে তার গান গাওয়ার কথা ছিল।
আরও পড়ুন:
