২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ‌গোতে হবে গান্ধীজীর পথ ধরে’

ভোটের হাওয়ায় হিন্দুত্ববাদ উত্তাপ ছড়ালেও ভারতকে ঐক্যবদ্ধ রেখে সামনের দিকে এগিয়ে নিতে হলে মহাত্মা গান্ধীর পথের বিকল্প নেই বলে মনে করেন তরুণরা।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

নয়াদিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 01:05 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

উত্তর প্রদেশ ও বিহার পানে দুই দলই
‘রাহুলজি’কেই চান তারা
তবুও তারা গান্ধীদের পক্ষে
মুসলিম ভোটের প্রত্যাশায় বিজেপিও
‘বিজেপিই জিতছে, তা বলা যাবে না’
কংগ্রেস না বিজেপি?
ভোটের মাঠে রূপালি জগতের তারকারা

ভোটের মধ্যেও সোমবার নয়াদিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে রাজঘাটে গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে এই প্রজন্মের কয়েকজনের সঙ্গে কথা বলে এই সুরই পাওয়া যায়।

দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র শিবরাজ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় নীতির কারণে বহু জাতির ভারত এক হয়ে আছে। দেশটির শাসন ব্যবস্থায় গান্ধীজী বহুত্ববাদ এক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করেছে।”

নতুন প্রজন্মের অধিকাংশ মহাত্মা গান্ধীর এই আদর্শ ধারণ করে বলে দাবি করেন তিনি।

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ৯ কোটি ৭১ লাখ। প্রায় ৮১ কোটি ৪০ লাখ ভোটারের মধ্যে ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ২৩ কোটি ১৬১ লাখ।

অহিংস আন্দোলনের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতার স্থপতি মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘জাতির জনক’ হিসেবেও দেখেন অনেকে, যিনি স্বাধীনতার এক বছরের মাথায় এক উগ্র হিন্দুর গুলিতে নিহত হন। 

মহাত্মা গান্ধীর গড়া দল কংগ্রেস অসাম্প্রদায়িকতার ঝাণ্ডা নিয়ে চললেও তাদের প্রবল প্রতিপক্ষ হয়ে উঠে এসেছে হিন্দুত্ববাদী দল বিজেপি এবং ভোটপূর্ব জনমত জরিপে তারাই এগিয়ে।

ভোটের ডামাডোলেও গান্ধী স্মৃতিসৌধে গিয়ে দেখা গেছে মানুষের স্রোত। এতে ভারতীয়দের সঙ্গে বিদেশিরাও ছিলেন। গান্ধী ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিও সেখানে।

বিশ্ববিদ্যালয় ছাত্র শিবরাজ বলেণ, “বিজেপির ব্যাপক প্রচার-প্রচারণা থাকলেও মাঠ পর্যায়ের মানুষের মনোভাবের পার্থক্য রয়েছে।”

ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ছাত্রী রাইমা বলেন, “অসাম্প্রদায়িক দেশ হিসেবে ভারত সর্বত্র পরিচিত। এদেশে বহু ধর্মের মানুষের বসবাস।

“বিজেপির সেই অবস্থা এখন আর নেই। জনগণ ভেবেচিন্তে ভোট দিচ্ছেন। দেখবেন, বিজেপিও বিষয়টি বুঝতে পেরে সচেতনভাবেই হিন্দুত্ব নিয়ে প্রচার এড়িয়ে চলছে।”

বানারস হিন্দু ইউনিভার্সিটির পদার্থ বিভাগের ছাত্র ললিত মানসিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো উগ্রতা কিংবা কট্টর মনোভাব সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো হয় না। আমরা যারা নতুন জেনারেশন লিড করছি, তাদের বেশির ভাগ মনে করি ভারতের সেকুলার চরিত্র অটুট থাকুক।”

ইউনিভার্সিটি অব দিল্লির ছাত্রী উষসী মিত্রের মতে, এবার ভোটযুদ্ধটি কংগ্রেস-বিজেপির নয়, বরং অসাম্প্রদায়িকতা-সাম্প্রদায়িকতার।

ভোটের ফলাফলেই তার প্রমাণ মিলবে বলে মন্তব্য উষসীর।

এই বিশ্ববিদ্যালয় ছাত্রীর কথাই ঠিক হবে কি না, তা জানা যাবে ১৬ মে ভোটের ফল প্রকাশের পরই।

(লোকসভা নির্বাচনের খবর জানাতে ভারতে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ)