২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে অস্থিরতা আলোচনায় সমর্থন চাইতে সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে প্রস্তাবিত আলোচনায় সমর্থন চাইতে বাংলাদেশ সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনের সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে প্রস্তাবিত আলোচনায় সমর্থন চাইতে বাংলাদেশ সফরে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহমেদ আল খলিফা আগামী বৃহস্পতিবার সফরে আসবেন বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত আলী আকবর। তিনি বলেন, বাহরাইনের বাদশাহ হামাদ ইবনে ইসা আল খালিদের একটি চিঠি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে পৌঁছে দেবেন পররাষ্ট্রমন্ত্রী। "তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে দূতাবাস জানে না।" আমরা ধারণা করছি পররাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান জানাবেন এবং চলমান সমস্যা সমাধানে জাতীয় সংলাপে বাংলাদেশের সমর্থন চাইবেন- বলেন রাষ্ট্রদূত আকবর। তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও দেখা করবেন। গত দুমাস ধরে বাহরাইনে রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটিতে ১৫ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে। বাহরাইনে কয়েক সপ্তাহের শিয়া বিক্ষোভ ১৬ মার্চে ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। এরপর বাদশাহ দেশে সামরিক আইন জারি করেন এবং বিক্ষোভ মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো থেকে সেনা চেয়ে পাঠান। বিরোধীদের সঙ্গে জাতীয় সংলাপ শুরু করতে বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খলিফাকে দায়িত্ব দেওয়া হয় গতমাসে। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়ায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ সমর্থন দিয়েছে। বাহরাইন সেনা সহায়তা চাইবে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত আকবর বলেন, মনে হয় না বাহরাইন সেনা পাঠাতে বলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০৪৮ ঘ.