২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুক আইন জোরদারে সরকারের প্রচেষ্টা তুলে ধরলেন বাইডেন

ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েকঘন্টা পরই বন্দুক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সম্মেলনের বক্তৃতায় এ প্রসঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বিডিনিউজ২৪

>> রয়টার্স

Published : 12 Jun 2024, 05:49 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

ছেলে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশে অবৈধ বন্দুক পাচার ও অপরাধ কমানোর জন্য আইন জোরদার করতে তার প্রশাসনের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন।

মঙ্গলবার বন্দুক সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক সম্মেলনের বক্তৃতায় তিনি এ প্রসঙ্গে কথা বলেন। এর কয়েকঘণ্টা আগেই তার ছেলে হান্টার বাইডেন বন্দুক কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন।

একটি লিখিত বিবৃতিতে ছেলের বিরুদ্ধে হওয়া মামলার রায় মেনে নেওয়ার কথা জানিয়েছেন বাইডেন। তবে সম্মেলনে বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়ারাসহ অন্যান্যদের সামনে দেওয়া ওই ভাষণে এ বিষয়ে কোনও কথা বলেননি তিনি।

ভাষণে বন্দুক সহিংসতা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ক্ষুব্ধ না হয়ে বরং মর্মান্তিক এমন আরও ঘটনা প্রতিরোধে তারা কী করতে পারেন সেদিকে মনোনিবেশ করার সংকল্প নেওয়ায় প্রশংসা করেছেন বাইডেন।

তিনি বলেন, তাদের কথা ও কাজ এটিই নিশ্চিত করছে যে, “বন্দুক সহিংসতার শিকার সবাইকে ভুলে যাওয়া হবে না। তাদের মৃত্যু বৃথা যায়নি।”

আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদের লড়াইয়ে নামা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বাইডেনকে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।

 এমন পরিস্থিতিতে বাইডেন ‘বাইপার্টিসান সেফার কমিউনিটিস অ্যাক্ট’ আইনের দুই বছর পূর্তির আগে দিয়ে দেশে অপরাধ কমাতে তার প্রশাসনের প্রচেষ্টার কথা তুলে ধরলেন।

টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয় ও নিউ ইয়র্কের একটি সুপার মার্কেটে নির্বিচারে গুলির ঘটনার জেরে প্রায় ২ বছর আগে এ আইন প্রণয়ন করা হয়েছিল। 

আইনটি সম্পর্কে বাইডেন বলেন, “প্রায় ৩০ বছরের মধ্যে এটি সবচেয়ে উল্লেখযোগ্য আইন। আমার হয়ত এই আইনের ধারণা ছিল। কিন্তু আপনারা সেটি বাস্তব করেছেন। এটি প্রণীত হয়েছে। বন্দুক সহিংসতা রোধ করে জীবন বাঁচানোর জন্য এ আইন করা হয়েছিল। তখন থেকে আমরা যে বিশাল অগ্রগতি অর্জন করেছি তাতে আমি গর্বিত।”

বন্দুক অপরাধ কমানো এবং অবৈধ বন্দুক রোধে বাইডেন তার প্রশাসনের অগ্রগতিও তুলে ধরেছেন। গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রকাশিত তথ্য তুলে ধরে এর প্রশংসা করেছেন বাইডেন। এতে দেখা গেছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে খুন কমেছে ২৬ শতাংশ। ডাকাতি কমেছে প্রায় ১৮ শতাংশ এবং সহিংস অপরাধ ১৫ শতাংশ কমেছে।

ডেমোক্র্যাটদের বেশিরভাগই দেশজুড়ে বিভিন্ন নগরী এবং স্কুলগুলোতে বন্দুক সহিংসতা থেকে মৃত্যু কমানোর উপায় হিসাবে কঠোর বন্দুক আইন করার পক্ষপাতি। 

বাইডেনও বন্দুক কেনার ক্ষেত্রে সবার অতীত রেকর্ড খতিয়ে দেখা, নিরাপত্তায় কাউকে হুমকি বলে মনে হলে তার বন্দুক জব্দ করা এবং স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর নিষেধাজ্ঞার জন্য চাপ দিয়ে আসছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে তিনি এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন বলেও জানিয়েছেন।

কিন্তু বন্দুক সংক্রান্ত বেশির ভাগ নীতিরই বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজন কংগ্রেসের সহযোগিতা। বন্দুক নিয়ন্ত্রণের বিষয়টি যুক্তরাষ্ট্রে সবচেয়ে মতবিরোধপূর্ণ বিষয়গুলোর অন্যতম।

রিপাবলিকানদের সমর্থন করে আসছে বন্দুক অধিকার গোষ্ঠী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় অস্ত্র বহনের অধিকারের যুক্তিতে এই গোষ্ঠীটি কঠোর বন্দুক আইনের ঘোর বিরোধিতা করে আসছে।