২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ইরানের হামলায় ইসরায়েলের শিল্প এলাকায় আগুন, বিপজ্জনক রাসায়নিক ছড়ানোর আশঙ্কা

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নে'ওত হোভাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

ইরানের হামলায় ইসরায়েলের শিল্প এলাকায় আগুন, বিপজ্জনক রাসায়নিক ছড়ানোর আশঙ্কা
ইসরায়েলের শিল্পএলাকা থেকে বের হচ্ছে ধোঁয়া। ছবি: এক্স/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমিতে একটি শিল্প এলাকায় ইরানের হামলার পর আগুন লেগেছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম।

ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নে'ওত হোভাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

ইরানের ছোড়া ক্ষেফণাস্ত্রের শার্পনেলের আঘাতে এই আগুন ধরে গিয়ে থাকতে পারে, বলে জানিয়েছে  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 

এর আগে আইডিএফ ঘোষণা করেছিল, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের জন্য কাজ করছে।

হামলায় হতাহতের খবর পাওয়া না গেলেও শিল্পাঞ্চলে লাগা আগুনের ধোঁয়া থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ফলে কাছাকাছি এলাকার বাসিন্দাদের এবং শিল্পকেন্দ্রের কর্মীদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে জাতীয় দমকল ও উদ্ধারকারী কর্তপক্ষ।

আগুন ছড়িয়ে পড়া অঞ্চলে ‘হ্যাজারডাজ ম্যাটেরিয়ালস ইন্সিডেন্ট’ ঘোষণা করা হয়েছে। কর্মীদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

ইসরায়েল-ভিত্তিক বৈশ্বিক ফসল সুরক্ষা কোম্পানি আদামা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের মাখতেশিম এলাকার প্ল্যান্টটিতে হামলা হয়েছে। 

হয় ইরানের ক্ষেপণাস্ত্র ওই স্থলে আঘাত হেনেছে কিংবা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে ধ্বংসাবশেষ সেখনে পড়েছে। 

এতে প্ল্যান্টটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে আদামা।