১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিকিমে প্রবল বৃষ্টি, পাহাড় ধসে মৃত ৩

উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি। আসামের কিছু এলাকা এখনও পানির নিচে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:00 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

প্রবল বৃষ্টি, বন্যা, পাহাড় ধসের কবলে ভারতের উত্তরাঞ্চল। সিকিমে প্রবল বৃষ্টিতে একটি গ্রামের ৮ টি বাড়ি ধসে পড়েছে। ধসে এই পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসামের কিছু এলাকা এখনও পানির নিচে। এছাড়াও সিকিমের ওই গ্রামের অনেকের খোঁজ মিলছে না। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। 

গত কয়েক দিন ধরেই পাহাড় এবং সমতলে ভারি বৃষ্টি চলছে। লাগাতার বৃষ্টির কারণে ধস হয়েছে সিকিমে। একাধিক এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া যাচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ সিকিমে। 

সেখানকার ইয়াংগাংয়ের মজুয়া গ্রামে পর পর আটটি বাড়ি ধসে গিয়েছে। বাড়ির নীচে চাপা পড়েছেন অনেকে। তিন জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে এক জন মহিলা।

আনন্দবাজার জানায়, সোমবার সকাল থেকে প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। সকাল থেকে ধস সরাতেই বেরিয়ে আসে একের পর এক দেহ। ভারী বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

যেখানে পশ্চিমবঙ্গ তাপ প্রবাহে জ্বলছে সেখানে উত্তরাঞ্চলে আগেই বর্ষা প্রবেশ করেছে। 

ওদিকে ধসের কারণে একাধিক রাস্তায় যান চলাচাল ব্যাহত হয়েছে। 

স্থানীয় প্রসাশন এক বিবৃতিতে বলেন, ধ্বংসস্তুপ সরানো না গেলে যান চলাচল স্বাভাবিক হবে না। মজুয়া গ্রামে ভেঙে পড়া বাড়িগুলোর ধ্বংসস্তূপ সরানোর কাজে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। 

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলবে। সোমবার ভারি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং-সহ উত্তরের জেলাগুলিতে। সিকিমেও বৃষ্টি হবে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।