২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের সরাসরি জড়িত হতে চাপ দিচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে সহায়তা করে এবং শত্রুদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধে আরও সরাসরি জড়িত হতে অংশীদারদের চাপ দিচ্ছেন- বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

বিডিনিউজ২৪

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

পশ্চিমা মিত্ররা ইউক্রেইনের জন্য সামরিক সহায়তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তাছাড়া, ইউক্রেইনে ছোড়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকাতে সহায়তা করে এবং কিইভ সীমান্তের কাছে সমবেত শত্রুদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে যুদ্ধে আরও সরাসরি জড়িত হওয়ার জন্য তিনি মিত্রদেরকে চাপ দিচ্ছেন বলেও জানিয়েছেন।

সোমবার ইউক্রেইনের রাজধানী কিইভে বার্তা সংস্থা রয়টারর্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন।

জেলেনস্কির সাহায্য ত্বরান্বিত করা এবং সংঘাতে জড়িত হওয়ার জন্য চাপ উত্তর-পূর্ব, পূর্ব এবং দক্ষিণ ইউক্রেইনের ১ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত জুড়ে ইউক্রেইনীয় বাহিনীর ওপর বাড়তে থাকা চাপেরই প্রতিফলন।

জেলেনস্কি বলেন, তিনি যতটুকু জানেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার পুরোদস্তুর আক্রমণ শুরু হওয়ার পর থেকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তুলনামূলকভাবে আরও কঠিন হয়ে উঠেছে।

গত কয়েক সপ্তাহে মস্কোর সেনারা উত্তর-পূর্ব ইউক্রেইনে অনুপ্রবেশ করে এরই মধ্যে কিইভের ঘাটতিতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা আরও পরীক্ষার মুখে ফেলেছে। একই সময়ে রাশিয়া পূর্ব ডনবাস অঞ্চলের ভূখন্ড দখল করেছে।

জেলেনস্কি বলেন, “ডনবাসে তুমুল লড়াই চলছে। দেশের পূর্বাঞ্চলেও অনেক বেশি লড়াই চলছে, যা এমনকী কারোই দৃষ্টিগোচর হয়নি। বিশেষ করে ডনবাসের দিকে কুরাখোভ, পোকরোভস্ক, চসিভ ইয়ারে জোর লড়াই চলছে। তবে খারকিভের উত্তরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

 জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের কাছ থেকে দ্রুত সামরিক সহায়তার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে জেলেনস্কি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে দ্রুত সামরিক সহায়তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, কোনও একটা সিদ্ধান্ত আমরা এবং পরে প্রত্যেকেই একসঙ্গে নেওয়ার পর তা বাস্তবায়নে প্রায় এক বছর পার হয়ে যায়। একটা বড় পদক্ষেপ নিতে গিয়ে আমরা দুই পা পিছিয়ে যাই। আমাদের এ দৃষ্টান্তগুলো পরিবর্তন করা প্রয়োজন।

জেলেনস্কি আরও বলেন, তিনি চান অংশীদাররা আরও সরাসরিভাবে জড়িত হোক। কিন্তু তারা যে রাশিয়ার সঙ্গে শত্রুতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সেটি বোঝেন।

তিনি বলেন, “এটি ইচ্ছার ব্যাপার।তবে প্রত্যেকে এমন একটি কথা উচ্চারণ করে যা প্রতিটি ভাষায় একই রকম শোনায়: সবাই সংঘাত বেড়ে যাওয়ার ভয় পায়। ইউক্রেইনীয়দের মৃত্যুর খবরে প্রত্যেকেই অভ্যস্ত হয়ে গেছেন-মানুষের জন্য এটি সংঘাত বৃদ্ধি নয়।”

এ সময় প্রস্তাব রেখে জেলেনস্কি বলেন, প্রতিবেশী নেটো দেশগুলোর চাইলে ইউক্রেনইনকে আত্মরক্ষায় সাহায্য করতে পারে। তারা তাদের সশস্ত্র বাহিনীকে দিয়ে ইউক্রেইনের ওপর উড়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে।

ইউক্রেইনে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে রাশিয়া সেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং ড্রোন হামলা চালিয়েছে। আকাশ প্রতিরক্ষাকে কিইভ অগ্রাধিকার দেয়।

জেলেনস্কি বলেছেন, দেশগুলো ইউক্রেইনকে সরাসরি বিমান সরবরাহ করতে না পারলে প্রতিবেশী নেটো দেশগুলো থেকে তারা সেগুলো উড়াতে পারে এবং রুশ ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করতে পারে।

সীমান্তে এবং রাশিয়ার আরও অভ্যন্তরে রুশ সামরিক স্থাপনাগুলোতে হামলা করার জন্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে তাদের অস্ত্র ব্যবহার করা নিয়ে ইউক্রেইন আলোচনা করছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। তবে তিনি বলেন, “এ আলোচনায় এখনও ইতিবাচক কোনও ফল আসেনি।”