ঘুষ মামলায় ট্রাম্পের বিচারে সমাপনী যুক্তিতর্ক: কী সিদ্ধান্ত আসতে পারে?
আদালতে আইনজীবীদের সমাপনী যুক্তিতর্কের পর সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দোষী নাকি নির্দোষ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জুরিরা।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে হওয়া মামলায় নিউ ইয়র্কের আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিচার শেষের পথে।
আলোচিত এই মামলায় এক সপ্তাহের বিরতির পর সমাপনী যুক্তিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার। ট্রাম্পের আইনজীবীরা জুরিদেরকে যুক্তি দেখিয়ে বলেছেন, কৌঁসুলিরা সাবেক এই প্রেসিডেন্টের দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তারা মিথ্যা নথি দেখিয়েছেন।
ট্রাম্পের আইনজীবী টড ব্ল্যানশে বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নির্দোষ। তিনি কোনও অপরাধ করেননি। তার বিরুদ্ধে জেলা অ্যাটনির দেওয়া প্রমাণ আইনি মানদণ্ডে উত্তীর্ণ হয়নি।
ছয়সপ্তাহ ধরে চলা টাম্পের বিচারের এই শেষ যুক্তিতর্কে ট্রাম্পকে নির্দোষ জাহির করে ১২ জুরিকে প্রভাবিত করার চেষ্টা নিয়েছেন তার আইনজীবী ব্লানশে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দিয়ে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।
তাছাড়া, এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে।
শেষ যুক্তিতর্কে ট্রাম্পের আইনজীবী জুরিদেরকে এটিই বোঝানোর চেষ্টা নিয়েছেন যে, ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের প্রচার নির্বিঘ্ন রাখতে পর্নো তারকাকে অর্থ দেওয়ার বিষয়টি লুকাননি।
তাছাড়া, কৌসুঁলিদের আনা প্রধান সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ জাগিয়েও আদালতের রায় ট্রাম্পের পক্ষে আনার চেষ্টা করছেন তার আইনজীবীরা। বিশেষ করে ট্রাম্প আমলের আইনজীবী মাইকেল কোহেনের সাক্ষ্য, যিনি আদালতে পর্নো তারকাকে অর্থ দেওয়া এবং সেটি ধামাচাপা দেওয়ার কথা বলেছিলেন।
মঙ্গলবার আদালতে আইনজীবীদের সমাপনী যুক্তিতর্কের পর জুরিরা আলোচনা শুরু করবেন। এ আলোচনা শুরু হতে পারে বুধবার। এরপর ট্রাম্প দোষী নাকি নির্দোষ, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন জুরিরা।
বিবিসি জানায়, তিন ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তা হল:
ট্রাম্প দোষী সাব্যস্ত হতে পারেন:
ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ১২ জুরির সবাইকেই এ বিষয়ে একমত হতে হবে যে, কৌসুলিরা সন্দেহাতীতভাবে দোষ প্রমাণ করতে পেরেছেন।
ট্রাম্প দোষী বলে রায় এলে তিনি হবেন গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রথম কোনও সাবেক প্রেসিডেন্ট এবং প্রধান একটি দল থেকে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে থাকা প্রথম একজন প্রার্থী।
তখন এই রায়ের বিরুদ্ধে নিশ্চিতভাবেই আপিল করবেন ট্রাম্প। দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের সর্বোচ্চ ১ বছর চার মাস থেকে ৪ বছরের কারাদণ্ড হতে পারে।
কিন্তু ক্ষেত্রবিশেষে, জেলে থাকার সময়টুকু ধরে আসামিদেরকে সাধারনত একবছর কিংবা তার কম সময় সাজা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে ট্রাম্পের জরিমানা কিংবা প্রবেশন (শাস্তি স্থগিত রাখা কিংবা কারাবন্দি না রাখা) হওয়ারই সম্ভাবনা বেশি।
তাছাড়া, ট্রাম্পের সাজার ক্ষেত্রে বিচারকদের কিছু বিবেচনার বিষয় আছে। এর একটি হল তার বয়স (৭৭)। সেইসঙ্গে এর আগে আদালতের রায়ে অভিযুক্ত না হওয়া এবং আদালতের সম্ভাব্য আদেশ লঙ্ঘনের মত বিষয়গুলো বিবেচনায় নেবেন বিচারক।
ট্রাম্প খালাস পেতে পারেন:
কৌসুলিরা সন্দেহাতীতভাবে ট্রাম্পের দোষ প্রমাণ করতে পারেননি বলে ১২ জুরির সবাই যদি একমত হন, তাহলে ট্রাম্পকে গুরুতর অভিযোগ থেকে খালাস দেওয়া হতে পারে।
সেক্ষেত্রে তা হবে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের জন্য এক বড় ধাক্কা। যারা এই মামলা আদালতে ঠুকেছে।
সিদ্ধান্তহীন জুরি:
ট্রাম্প দোষী নাকি নির্দোষ- এ বিষয়ে কোনও রায় দেওয়ার ব্যাপারে জুরিরা সবাই একমত হতে না পারলে একটি ঝুলন্ত অবস্থার সৃষ্টি হবে।
জুরিরা যদি বিচারককে জানান যে, তারা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, তখন বিচারপতি মার্চেন তাদেরকে একটি রায়ে পৌঁছানোর জন্য আরও একবার বা দুইবার বিচারকাজ চালানোর নির্দেশ দিতে পারেন।
এরপরও যদি সিদ্ধান্ত না আসে তাহলে ট্রাম্পের বিচারকে অমীমাংসিত ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে কৌসুলিদেরকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে যে, তারা এই মামলার বিচার আবার করতে চান কিনা।
