২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৩ সালে বিশ্বে রেকর্ড ১১ কোটি ৭৩ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

সংঘাত-সহিংসতাকে মানুষের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে বর্ণনা করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 13 Jun 2024, 08:44 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

২০২৩ সালের শেষ নাগাদ বিশ্বে বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা রেকর্ড ১১ কোটি ৭৩ লাখে দাঁড়িয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে। বিশ্ব রাজনীতিতে বড় কোনও পরিবর্তন না এলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, বাস্তুচ্যুত হওয়া এই মানুষরা হলেন ‘শরণার্থী, আশ্রয়প্রার্থী, অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত, সংঘাত, নিপীড়ন, বিভিন্ন ধরনের এবং ক্রমবর্ধমান জটিল ধরনের সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষ।”

সংঘাত-সহিংসতাকে বাস্তুচ্যুতির অন্যতম কারণ বলে বর্ণনা করেছেন তিনি।

বাস্তুচ্যুতির বৈশ্বিক প্রবণতা সম্পর্কিত প্রতিবেদনে ইউএনএইচসিআর বলেছে, গত ১২ বছর ধরে বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সংখ্যা বছর বছর বড়েছে।

ইউএনএইচসিআর-এর অনুমানিক হিসাবে, ২০২৪ সালের প্রথম চার মাসে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে এবং এপ্রিলের শেষ নাগাদ এ সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

নতুন সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার গ্র্যান্ডি বলেন, “আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত দুর্ভাগ্যবশত,এ সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে বলেই আমি দেখতে পাচ্ছি।”

যেসব সংঘাতের কারণে বাস্তুচ্যত মানুষের সংখ্যা বেড়েছে তার মধ্যে সুদানের যুদ্ধ অন্যতম। অন্যান্য সংকটের তুলনায় সুদানের দিকে মনোযোগ কম দেওয়া হলেও গ্র্যান্ডি একে ‘সবচেয়ে বিপর্যয়কর সংঘাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। 

তিনি বলেন, এই সংঘাতে ৯০ লাখের বেশি মানুষ অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত হয়েছে। আর চাদ, মিশর এবং দক্ষিণ সুদানসহ প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছেন আরও ২০ লাখ মানুষ।

নিরাপত্তার জন্য চাদে ভিড় জমানো মানুষের কথা উল্লেখ করে গ্র্যান্ডি বলেন, এখানে ‘প্রতিদিন শত শত মানুষ আসছে।”

গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার কারণে প্রায় ১৭ লাখ মানুষ অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে অনেকেই আবার বাস্তুচ্যুত হয়েছে একাধিকবার। বাস্তুচ্যুত হওয়া এসব মানুষের সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ।

ইসরায়েলের হামলা থেকে বাঁচতে গাজার বাসিন্দাদের দক্ষিণ সীমান্ত শহর রাফা থেকে মিশরে পার হয়ে যাওয়া বিপর্যয়কর হবে বলে সতর্ক করেন গ্র্যান্ডি।

তিনি বলেন, ‘গাজার বাইরে আরেকটি শরণার্থী সংকট সব পর্যায়েই বিপর্যয়কর হবে। কারণ, সেসব মানুষ একদিন গাজায় ফিরতে পারবে এমন কোনও নিশ্চয়তা নেই।”